National

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, বাড়বে শক্তি, কোথায় কেমন বৃষ্টি, পাওয়া গেল পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সাগরের ঢেউয়ের মতই এখন সেখানে নিম্নচাপ জন্ম নিচ্ছে। নতুন নিম্নচাপটি তৈরির পর শক্তি বাড়াবে। কোথায় কেমন বৃষ্টি। পাওয়া গেল পূর্বাভাস।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া পরপর ২টি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল। প্রথমে আসে অর্ণব ঘূর্ণিঝড়। তার পিছনেই তৈরি হয় মুরাসু ঘূর্ণিঝড়। পরপর ২টি ঘূর্ণিঝড়ই প্রবেশ করে অন্ধ্রপ্রদেশ দিয়ে।

অন্ধ্রপ্রদেশ সেই জোড়া ঘূর্ণিঝড়ের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি। প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য ২টি ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়েনি। কিন্তু বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে একটি নিম্নচাপ।

আবহবিদেরা জানাচ্ছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামী শুক্রবার একটি নিম্নচাপ জন্ম নিতে চলেছে। তৈরি হওয়ার পর সেটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে আসবে। শক্তিও বাড়াতে থাকবে। ক্রমে তা গভীর নিম্নচাপের চেহারা নেবে। যার প্রভাব পড়বে দেশের দক্ষিণ ও পূর্ব প্রান্তে।

দক্ষিণের রাজ্যগুলি যেমন তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিতে ১৬ নভেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে। মাঝে ১৫ তারিখ একটু কম বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপেও বৃষ্টি চলবে ১৬ তারিখ পর্যন্ত।

অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে চলতি সপ্তাহ জুড়ে। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়েও বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের কতটা প্রভাব পড়বে তা এখনও পরিস্কার নয়।

নিম্নচাপটি তৈরি হওয়ার পর গভীর নিম্নচাপে পরিণত হলে বোঝা যাবে তার প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি কেমন হবে। বঙ্গোপসাগরে এই একের পর এক নিম্নচাপ অবশ্য নভেম্বরে নতুন নয়। তবে এত ঘন ঘন হওয়াটা আবহবিদদেরও নজর কেড়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর পিছনে এল নিনো-র একটা প্রভাব রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article