State

কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে শুরু তাও জানা গেল

হেমন্তের পরশ উধাও হতে পারে নতুন সপ্তাহে। কলকাতায় টানা বৃষ্টির পূর্বাভাস। কবে থেকে কবে পর্যন্ত চলবে এই বৃষ্টি। পূর্বাভাস পাওয়া গেল।

বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি এখন কার্যত সময়ের অপেক্ষা। অন্তত তেমনই মনে করছেন আবহবিদেরা। যার প্রভাব বৃষ্টি হয়ে ঝরে পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপর। ঝোড়ো হাওয়াও বইবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি। ঝড়ের গতি থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। মানে আমূল বদলে যেতে চলেছে আবহাওয়া। হেমন্তের ঝলমলে আকাশ, হিমেল পরশ উধাও হবে নিমেষে।

আবহবিদদের পূর্বাভাস মত আগামী বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি শুরু হবে। যা চলতে থাকবে। বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার, শুক্রবার এমনকি শনিবার পর্যন্তও চলতে পারে বৃষ্টি।

ভারী বৃষ্টির মুখে পড়তে হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বাসিন্দাদের। এই সময় পারদ পতনের জায়গায় বরং কিছুটা হলেও চড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। দক্ষিণবঙ্গে বুধবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সে পূর্বাভাস নেই। সেখানে এমন টানা বৃষ্টি হবেনা।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সোমবার রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে বলে মনে করছেন আবহবিদেরা। যদিও এ ঘূর্ণিঝড়ের অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে হবে বলেই মনে করছেন তাঁরা। তবে তার একটা প্রভাব এসে পড়বে দক্ষিণবঙ্গের ওপর।

তার জেরেই বদলে যাবে আবহাওয়া। শুরু হবে বৃষ্টি। তবে পশ্চিমবঙ্গের উপকূলে মাছ ধরা মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ নির্দেশ জারি হয়নি।

Show Full Article