ঐতিহাসিক স্থানে মাটি খুঁড়ে পাওয়া গেল ২টি মন্দির, অনেক নতুন তথ্য দিল এই আবিষ্কার
মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা ২টি মন্দিরের খোঁজ পেলেন। তাও আবার পাওয়া গেল একটি ইউনেস্কোর তকমা পাওয়া ঐতিহ্যবাহী স্থান হিসাবে জনপ্রিয় জায়গা থেকে।
মাটির তলায় যে এখানে লুকিয়ে আছে ২টি মন্দির তা জানা ছিলনা। তবে সেখানে মাটি খোঁড়ার কাজ চলছিল। প্রত্নতাত্ত্বিকরা প্রত্ন নিদর্শনের আশায় সেখানে খনন চালাচ্ছিলেন। আর তা করতে গিয়ে যা পেলেন তা তাঁদেরও অবাক করেছে।
২টি ভাল অবস্থায় থাকা বিষ্ণু ও শিবের মন্দিরের দেখা পেলেন তাঁরা। এমন সুবিশাল ২টি মন্দির যে এতদিন অতি জনপ্রিয় এই ইউনেস্কো হেরিটেজ সাইটের তলায় লুকিয়ে ছিল তা কারও জানা ছিলনা।
কর্ণাটকের হাম্পি এক প্রসিদ্ধ স্থান। সেখানেই একটি জৈন মন্দির চত্বর থেকে এই ২টি মন্দিরের খোঁজ পাওয়া গেল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানাচ্ছে, মন্দির ২টি বিজয়নগর সাম্রাজ্যের রাজত্বকালে তৈরি হয়েছিল।
বিষ্ণু মন্দিরটিতে বিজয়নগর শিল্পশৈলীর নিদর্শন স্পষ্ট। মন্দির নির্মাণে গ্রানাইট পাথরের আধিক্য রয়েছে। এতটাই ভাল অবস্থায় মন্দিরটি পাওয়া গেছে যে তার গর্ভগৃহ, ঢোকার পথ, অধিষ্ঠান, ভারী ভারী স্তম্ভ, পাথরের মেঝে, দেওয়াল, শিল্পকর্ম সবই প্রায় পূর্ণ অবস্থায় উদ্ধার হয়েছে।
অনেক মূর্তি এবং শিল্পকার্য উদ্ধার হয়েছে এই মন্দির চত্বর থেকে। যার মধ্যে একটি মুণ্ডহীন মূর্তি পাওয়া গেছে। যা গরুড়ের বলে মনে করা হচ্ছে।
বিষ্ণু মন্দিরের মতই শিবমন্দিরটিও উদ্ধার হয়েছে সম্পূর্ণ অবস্থায়। নষ্ট হয়েছে খুব কম অংশই। এই মন্দিরটিও গ্রানাইট পাথর দিয়েই তৈরি। এই মন্দিরের পাথরের স্তম্ভগুলিতে নানা শিল্পকর্ম নজর কাড়ছে প্রত্নতাত্ত্বিকদের।
হাম্পির সবচেয়ে পুরনো জৈন মন্দির হল গণগিট্টি মন্দির। এই মন্দিরের কাছেই মাটি খুঁড়ে বিষ্ণু ও শিবের মন্দিরের দেখা পেলেন প্রত্নতাত্ত্বিকরা।
এই ২টি মন্দিরের খোঁজ বিজয়নগর সাম্রাজ্যের সময়কার অনেক তথ্যের জোগান দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











