মা সীতার জন্মস্থান থেকে ভগবান রামের জন্মস্থান, শুরু হচ্ছে ২ দেশের মধ্যে সাপ্তাহিক ট্রেন
রামায়ণকে সামনে রেখে মা সীতার জন্মস্থান এবং ভগবান রামের জন্মস্থানকে জুড়ে দিতে চলেছে একটি ট্রেন। যা সাপ্তাহিক ট্রেন হিসাবে যাত্রীদের নিয়ে চলবে ২ দেশের মধ্যে।
১টি ট্রেন জুড়ে দেবে ২টি দেশকে। ভারত ও নেপালকে জুড়ে দেবে একটি সাপ্তাহিক ট্রেন। যে ট্রেন চালু করা নিয়ে সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্র। এ ট্রেনের বিশেষত্ব হল তা নিছক যাত্রী নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা দূরপাল্লার ট্রেন নয়।
এ ট্রেনের সঙ্গে জড়িয়ে আছে রামায়ণ। মানুষের অগাধ ভক্তি। কারণ ট্রেনটি জুড়ে দিতে চলেছে ভগবান রামের জন্মস্থান অযোধ্যা ও মা সীতার জন্মস্থান জনকপুর-কে।
নেপালে অবস্থিত জনকপুর ও অযোধ্যার মধ্যে এই ট্রেন ভক্তদের অন্য এক প্রাপ্তি উপহার দেবে। ২ দেশের ভক্ত, পর্যটকেরা এই ২ স্থানের স্থান মাহাত্ম্যের কথা মাথায় রেখে সহজে যাতায়াত করার সুযোগ পাবেন। দর্শন করার সুযোগ পাবেন। ২ দেশের সংস্কৃতিও এই ট্রেনের হাত ধরে আরও নিবিড় হবে বলেই মনে করা হচ্ছে।
৬০৪ কিলোমিটারের এই যাত্রাপথে ট্রেনটি অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে জনকপুর এবং জনকপুর থেকে অযোধ্যা ক্যান্টনমেন্টের মধ্যে যাতায়াত করবে। মাঝে দাঁড়াবে জয়নগর, মধুবনী, শিসো, সীতামারি, রক্সৌল, নারকাটিয়াগঞ্জ, বস্তি, মানকাপুর এবং অযোধ্যা ধাম-এ।
প্রতি শনিবার নেপালের জনকপুর থেকে ট্রেনটি অযোধ্যার উদ্দেশে যাত্রা করবে। প্রতি সোমবার অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে ট্রেনটি ফিরবে জনকপুরে।
ভক্তরা তো বটেই পর্যটকদের কাছেও এই ট্রেন যাত্রা এক পরম প্রাপ্তি হতে চলেছে। ভারত ও নেপাল এই ২ দেশের মধ্যে সম্পর্কও এই ট্রেনের হাত ধরে আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











