রেলস্টেশন থেকে উদ্ধার ১৬০০ কেজি পচা মাংস, সন্ধেবেলা আচমকা হানায় উদ্ধার
দেশের অন্যতম রেলস্টেশন থেকে উদ্ধার হল ১ হাজার ৬০০ কেজি পচা মাংস। যা মানুষের খাওয়ার অযোগ্য। উদ্ধার না হলে সেটাই ছড়িয়ে পড়ত স্থানীয় দোকানে।
সন্ধেবেলা একটি রেলস্টেশনে আচমকাই হানা দিলেন জেলা প্রশাসন, রেল কর্তৃপক্ষ, পুরসভা এবং পশুপালন দফতরের আধিকারিকরা। তখন একটি ট্রেন এসে থেমেছে সেখানে। পণ্যবাহী ট্রেন। সেখানেই হানা দেন তাঁরা।
সেখান থেকেই উদ্ধার হয় ১ হাজার ৬০০ কেজি মাংস। যা স্থানীয় বাজারে ছড়িয়ে পড়ত এখান থেকে। দিল্লি থেকে এই ১ হাজার ৬০০ কেজি মাংস এসেছিল বলে জানতে পেরেছেন আধিকারিকরা।
জম্মু কাশ্মীরের বদগাম রেলস্টেশনে ট্রেনটি আসার পর সন্ধেয় এই হানায় অবশেষে উদ্ধার হয় মাংস। পরীক্ষা করে দেখা যায় মাংসগুলি মানুষের খাওয়ার অযোগ্য। মাংস এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য রেলের যে নিয়ম রয়েছে তাও মানা হয়নি।
নিয়ম হল কোল্ড চেন প্যাকেজিং-এর নিয়ম মেনে এই ধরনের খাদ্য সামগ্রি পাঠাতে হয়। কিন্তু এক্ষেত্রে এমন কিছুই না মেনে মাংস দিল্লি থেকে বদগাম পৌঁছে যায়।
এই অস্বাস্থ্যকর মাংসের বরাত যদি নজরে না পড়ত তাহলে তা বদগামের স্থানীয় বাজারে ছড়িয়ে পড়ত। দোকানগুলিতেও ব্যবহার হত। যা স্থানীয় মানুষের স্বাস্থ্যের জন্য বড় ক্ষতির কারণ হতে পারত।
এই মাংস বাজেয়াপ্ত হওয়া একটা বিষয় নিয়ে আরও সতর্ক হওয়ার ইঙ্গিত দিল। খাদ্য সামগ্রি পরিবহণের ক্ষেত্রে গাফিলতি থেকে যাচ্ছে বলেই বোঝা গেল এই ঘটনা থেকে। যা আখেরে মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর।











