Kolkata

রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, ঘোষণার পর শনিবার শপথগ্রহণ

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির ২০৭ জয়ী প্রার্থীর সঙ্গে অমিত শাহর বৈঠকে চূড়ান্ত হয় নাম। শনিবার শপথগ্রহণ।

বাংলায় এই প্রথমবারের জন্য সরকার গড়ছে বিজেপি। রাজ্যের বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর বৈঠক হয়। সেখানেই নাম চূড়ান্ত হয়ে যায়।

বিধানসভার পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। আর প্রথামত বিধানসভার পরিষদীয় দলনেতাই হন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে এটা চূড়ান্ত হয়ে যায় যে শুভেন্দু অধিকারীই হচ্ছেন মুখ্যমন্ত্রী।

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। তবে তার আগে শুভেন্দু অধিকারী যাবেন রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি নিয়ে। সেটাও রীতিরই অঙ্গ।

শুক্রবার সকালে অমিত শাহ কলকাতায় আসেন। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক হয়। সেখানেই শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ।

শুভেন্দু অধিকারীকে এখন জায়ান্ট কিলার নামে অভিহিত করা হচ্ছে। তার কারণও রয়েছে। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু।

২০২৬ সালে মমতা তাঁর কেন্দ্র হিসাবে পরিচিত ভবানীপুর থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। সেখানেও তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হন শুভেন্দু। ১৫ হাজারের বেশি ভোটে তিনি পরাজিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২ বার পরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনিই এবার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *