National

৫২৫ বছর পুরনো শক্তিপীঠে ৩ দিনের উৎসব, মন্দিরের ৫ কিলোমিটার পর্যন্ত আকাশে নো ফ্লাই জোন

৫১ শক্তিপীঠের অন্যতম এই শক্তিপীঠ মন্দির ৫২৫ বছরের প্রাচীন। যা সেজে উঠেছে অপরূপ সাজে। মন্দিরের উপরের আকাশে ৫ কিলোমিটার ব্যাসে ৩ দিন নো ফ্লাই জোন।

৫১ শক্তিপীঠের মধ্যে এটি একটি। যেখানে দেবীর ডান পা পড়েছিল বলে কথিত। এই মন্দিরটি প্রাচীনত্বেও নেহাত কম নয়। ৫২৫ বছর পুরনো এ মন্দির আজও দেশ বিদেশের মানুষকে আকর্ষিত করে। ভক্তরা সারা বছর দূর দূরান্ত থেকে হাজির হন এখানে।

দিওয়ালীর সময় এ মন্দির সেজে উঠল অপরূপ সাজে। ৩ দিনের জন্য এখানে পালিত হবে দিওয়ালী উৎসব। এই ৩ দিন অর্থাৎ ৮, ৯ এবং ১০ নভেম্বর এই মন্দিরের ওপর কোনও উড়ান নিষিদ্ধ। মন্দিরের উপরের আকাশে ৫ কিলোমিটার ব্যাস নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।

তবে এখানে যে দিওয়ালী মেলা বসে সেখানে সুরক্ষার কাজে নিযুক্ত আকাশপথে থাকা যন্ত্র এই নিষেধের আওতায় পড়ছে না। প্রবল জনসমাগমের কথা মাথায় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে চারধার।

ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির কেবল ত্রিপুরার মানুষ বলেই নয়, সারা দেশের মানুষকে আকর্ষিত করে। সেখানে পুজো দিতে হাজির হন নানা প্রান্তের মানুষ। ৫১ শক্তিপীঠের একটি হওয়ায় এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম।

ইতিমধ্যেই ৫৪ কোটি টাকা খরচ করে এই প্রাচীন ও ঐতিহাসিক মন্দিরটিকে ঢেলে সাজানো হয়েছে। প্রসঙ্গত ১৫০১ সালে উদয়পুরের মহারাজা ধন্য মাণিক্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।

পূর্ব ভারতে কলকাতার কালীঘাট এবং গুয়াহাটির কামাখ্যা মন্দিরের পর ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির অপর শক্তিপীঠ হিসাবে পরিগণিত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article