পৃথিবীতে সহজলভ্য পাথর যে মঙ্গলগ্রহেও আছে সেকথা এই প্রথম জানতে পারলেন বিজ্ঞানীরা
লাল গ্রহের মাটিতে এ পাথর রয়েছে। এটা এতদিন জানতেন না বিজ্ঞানীরা। এ পাথর পৃথিবীতে সহজলভ্য। রত্ন হিসাবে ব্যবহারও হয়। সেটা যে লাল গ্রহেও রয়েছে এই প্রথম জানা গেল।
লাল গ্রহের পাথরে রয়েছে গার্নেট পাথর। মঙ্গলের একটি উল্কাপিণ্ড পরীক্ষা করতে গিয়ে এই পাথরের অস্তিত্বের কথা জানতে পারেন বিজ্ঞানীরা। রয়্যাল অন্টারিও মিউজিয়ামে রাখা ছিল মঙ্গলের একটি উল্কাপিণ্ড।
সেটি নিয়ে গবেষণা করতে গিয়েই বিজ্ঞানীরা এই গার্নেট পাথরের খোঁজ পেলেন। এ পাথর যে মঙ্গলের মাটিতে রয়েছে তাই এতদিন জানা ছিলনা বিজ্ঞানীদের। ফলে এই খোঁজ তাঁদের জন্য মঙ্গলকে নতুন করে চেনার, তার ইতিহাসকে নতুন করে জানার রাস্তা খুলে দিয়েছে।
গার্নেট পাথরকে ভারতীয়রা চেনেন রক্তমণি নামে। টকটকে লাল রংয়ের পাথরের টুকরো। যা রত্ন হিসাবে ব্যবহার হয়ে থাকে। এরই একটি প্রকারভেদ হল গোমেদ। যা অনেকে ধারণ করার রত্ন হিসাবে ব্যবহার করেন।
এই পাথর একসময় মিশর ও রোমে ব্যবহার হত। সেখানকার বর্ধিষ্ণু মানুষজন এটিকে রত্ন হিসাবে পরিধান করতেন। সেই গার্নেট পৃথিবীতে পাওয়া গেলেও তা যে লাল গ্রহের মাটিতেও রয়েছে সেকথা এতদিন অজানা থাকলেও এবার জানান দিল লাল গ্রহ থেকে আসা একটি উল্কাপিণ্ড। যা পরীক্ষা করার পর বিজ্ঞানীরা নিশ্চিত যে মঙ্গলগ্রহের মাটিতে গার্নেট রয়েছে।
মঙ্গলগ্রহের ৪৫০ কোটি বছরের ইতিহাসে এই পাথরের খোঁজ এক আলাদা আলোকপাত করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। যা মঙ্গলকে নতুন করে চিনতে সাহায্য করবে। লাল গ্রহের সময়ের সঙ্গে বিবর্তনকে জানতে সাহায্য করবে।











