হিমালয়ের পাখির দেখা পাওয়া গেল সমুদ্রের ধারের শহরে, একবার দর্শন দিয়ে হারিয়েও গেল
এ পাখি হিমালয়ের ঠান্ডায় থাকে। সেখানেই ডিম পাড়ে। তার দর্শন পাওয়া গেল সমুদ্রের ধারের শহরে। যা দেখে বিস্মিত বিশেষজ্ঞেরা। কারণও একটি খুঁজে পেয়েছেন তাঁরা।
হিমালয় তাদের আবাসস্থল। সেখানকার কনকনে ঠান্ডায় এ পাখিরা ভাল থাকে। সেখানেই তাদের সংসার। সেখানেই ডিম পাড়ে। ছানা হয়। যে পাখি হিমালয়ে থাকে তারা তো আর সমুদ্রের ধারের গরম শহরে আসবেনা। এটাই স্বাভাবিক।
যে পরিবেশের সঙ্গে তারা পরিচিতই নয়। সেখানে আসার প্রশ্ন নেই। কিন্তু এখানেই অবাক করেছে হিমালয়ের পাখি ওরিয়েন্টাল টার্টল ডাভ। ঘুঘু প্রজাতির এই পাখির ছবি ধরা পড়েছে এক আলোকচিত্রির ক্যামেরায়। যিনি নিজেও অবাক হয়ে গেছেন এ পাখিকে মুম্বই লাগোয়া নবি মুম্বইয়ের খারঘর এলাকায় দেখে।
হিমালয়ের পাখি এমন এক সমুদ্রের ধারের শহরে গরমে এসে হাজির হওয়ার খবর পেয়ে অনেকেই হাজির হন তার দর্শন পেতে। কিন্তু তার আবার দেখা পাওয়া যায়নি। কিন্তু বিশেষজ্ঞেরা এই ঘটনায় হতবাক। তাঁরা অবশ্য এর একটি কারণ সামনে এনেছেন।
বিশেষজ্ঞদের ধারনা এল নিনো-র কারণে এ পাখি এখন জল যেখানে বেশি সেখানে থাকার চেষ্টা করছে। তাই অচেনা নবি মুম্বইকে বেছে নিয়েছে সে। তবে এল নিনোই কারণ কিনা তা নিশ্চিত করে কেউই বলতে পারেননি।
এই পাখির দেখা পেতে এখন খারঘর এলাকায় হাজির হয়েছেন অনেক বন্যপ্রাণের ছবি তুলতে পছন্দ করা মানুষজন। এদিকে এ পাখির এভাবে উপকূলীয় অঞ্চলে হাজির হওয়া একেবারেই অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। এর সঠিক কারণ খোঁজার চেষ্টা করছেন বিশেষজ্ঞেরা।











