জটায়ু ফিরল পাহাড়ের চুড়োয়, বিশ্বের সবচেয়ে বড় পাখির ভাস্কর্য রয়েছে ভারতেই
রামায়ণের অন্যতম এক চরিত্র জটায়ু পাখি। তার একটি সুবিশাল ভাস্কর্য বহু মানুষকে অবাক করছে। ভারতের এক প্রান্তে পাহাড়ের চুড়োয় রয়েছে এই জটায়ুর ভাস্কর্য।
রামায়ণ এখন নতুন করে মুখে মুখে ঘুরছে। রামায়ণ সিনেমা মুক্তির পর বহু মানুষ সে সিনেমা দেখে ফেলেছেন। ফলে তা নিয়ে চর্চা হচ্ছে। ভারতের ২ মহাকাব্যের একটি রামায়ণ। যে রামায়ণে সীতাকে হরণ করে লঙ্কার পথে যাওয়ার সময় সীতাকে রক্ষা করতে রাবণের সঙ্গে নিজের সবটুকু শক্তি দিয়ে লড়াই করেছিল জটায়ু পাখি।
একসময় যার ডানা কেটে দিয়ে রাবণ সীতাকে নিয়ে লঙ্কার দিকে এগিয়ে যায়। কিন্তু জটায়ু পাখির সেই আপ্রাণ লড়াই রামায়ণের এক অন্যতম ঘটনা।
সেই জটায়ু পাখিকে মাথায় রেখে কেরালার কোল্লাম জেলার চন্দামঙ্গলম-এর একটি পাহাড়ের ওপর তৈরি হয়েছে জটায়ু আর্থস সেন্টার। পাহাড়ের ওপর তৈরি হয়েছে সুবিশাল জটায়ু পাখির আদলে একটি ভাস্কর্য। যা ২০০ ফুট লম্বা, ১৫০ ফুট চওড়া এবং উচ্চতায় ৭০ ফুট।
১ হাজার ফুট উচ্চতায় পাহাড়ের মাথায় এই জটায়ু ভাস্কর্য আকাশ থেকে অপরূপ দেখতে লাগে। যা তৈরি করতে প্রায় ১০ বছর লেগে গেছে।
বিশ্বে যত পাখির ভাস্কর্য রয়েছে তার মধ্যে এই জটায়ু ভাস্কর্যটিই সবচেয়ে বড়। সেদিক থেকে এটা একটা বিশ্বরেকর্ডও স্থাপন করেছে। নারী সুরক্ষার বার্তাকে সামনে রেখেই এই জটায়ু আর্থস সেন্টার তৈরি হয়েছে।
জটায়ু আর্থস সেন্টারে রয়েছে ৬ মাত্রিক বা ৬ডি থিয়েটার। রয়েছে বহু স্তরীয় অডিও ভিজুয়াল মিউজিয়াম। রয়েছে নানাধরনের অ্যাডভেঞ্চার খেলার সুযোগ সহ নানা কিছু।











