লুপ্তপ্রায় ২৪০টি কচ্ছপে ভরে গেল একটি জলাশয়, রক্ষক হল নাগশঙ্কর মন্দিরের পুকুর
২৪০টি প্রায় অবলুপ্ত হতে চলা কচ্ছপ। তাতেই ভরে গেল জলাশয়। যে জলভাগ এখন বহু মানুষকে আশার আলো দেখাচ্ছে। বিশেষত বিশেষজ্ঞদের।
কচ্ছপের নানা প্রজাতি পৃথিবীতে ছড়িয়ে আছে। যাদের মধ্যে এমনও বেশ কয়েকটি প্রজাতি রয়েছে যারা প্রায় অবলুপ্তির পথে। এমনই একটি অতি বিরল প্রজাতির কচ্ছপ হল ব্ল্যাক সফটশেল টার্টল। যাদের অতি বিরল প্রজাতি বা বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় জায়গা দেওয়া হয়েছিল ২০০০ সালে।
তারপর থেকে এখনও সেটাই রয়ে গেছে। সেই কচ্ছপ যাতে পৃথিবী থেকে মুছে না যায় তার লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। অসমের ব্রহ্মপুত্র কাজিরাঙা বনাঞ্চল জুড়ে এই ব্ল্যাক সফটশেল টার্টলদের সংখ্যা বৃদ্ধির লড়াই চালিয়ে যাচ্ছেন প্রাণি বিজ্ঞানীরা।
তার সুফলও পাওয়া গেছে। এই প্রজাতির কচ্ছপের সংখ্যা বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে। এজন্য পরিশ্রমও করছেন বিশেষজ্ঞেরা। অসমে এই কচ্ছপদের স্থানীয়রা চেনেন বরমুরিয়া কাসো নামে।
ঐতিহাসিক নাগশঙ্কর মন্দিরের পুকুরে এই কচ্ছপ ডিম পেড়েছিল। সেই ডিম পুকুর থেকে সংগ্রহ করে নিয়ে গিয়ে বিশেষজ্ঞেরা বিশ্বনাথ ওয়াইল্ডলাইফ ডিভিশনের অন্তর্গত জলাশয়ে ছেড়ে দেন।
সেখানে এখন ২৪০টি কচ্ছপ ছানা খেলা করছে। ক্রমে বড় হয়ে উঠছে। তাদের টাটকা ছোট মাছ খাওয়ানো হচ্ছে। যাতে তারা দ্রুত বড় হয়। তাদের ওজন বাড়ে। এই উদ্যোগ ব্ল্যাক সফটশেল টার্টলদের সংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে।
অসমে কিন্তু এই কচ্ছপের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। যা হয়তো আগামী দিনে এই কচ্ছপদের আর লুপ্তপ্রায় প্রজাতি রাখবে না। সেই চেষ্টায় ভারত এক বড় ভূমিকা গ্রহণ করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











