Kolkata

রাজ্যে কোনও প্রকল্প বন্ধ হচ্ছেনা, চালু হচ্ছে আয়ুষ্মান ভারত, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্যে যে প্রকল্পগুলি চালু ছিল সেগুলি বন্ধ হচ্ছেনা। সব জল্পনায় জল ঢেলে সোমবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পও।

তৃণমূল সরকার এ রাজ্যে আয়ুষ্মান ভারতকে জায়গা দেয়নি। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবীমা সেই আয়ুষ্মান ভারত এবার রাজ্যে চালু হচ্ছে। এতে ভারত জুড়ে চিকিৎসা পরিষেবা পাওয়ার সুবিধা পাবেন এই প্রকল্পের আওতাধীন মানুষজন। ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের সুবিধা পাবেন তাঁরা।

তবে কি রাজ্যে এতদিন যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু ছিল তা বন্ধ হয়ে যাবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন রাজ্যে চালু থাকা কোনও প্রকল্প বন্ধ হচ্ছেনা। এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক মহিলার মনে যে সংশয় কাজ করছিল তা কেটে গেল।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারও চালুই থাকছে। অন্যান্য প্রকল্পও চালু থাকছে। তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন কোনও অভারতীয় বা প্রয়াত ব্যক্তি এই সুবিধা পাবেন না। এদিকে সরকারি চাকরিতে আবেদনের বয়ঃসীমা ৫ বছর বাড়ানোর কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণের পর সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন রাজ্যে সব প্রকল্পই চালু থাকছে।

ভোটের আগে প্রচারের সময় সব প্রকল্প ক্ষমতায় এলে চালু রাখা নিয়ে আশ্বাস দিয়েছিলেন অমিত শাহ। সেটাই এবার বাস্তবে দেখতে পাওয়া গেল।

আয়ুষ্মান ভারত ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প যে এ রাজ্যে চালু হচ্ছে তাও এদিন স্পষ্ট হয়ে গেছে। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনা।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *