প্রধানমন্ত্রীর সামনে বিগ্রেডে শপথগ্রহণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ বিজেপির তাবড় নেতা মন্ত্রী। শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি।
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পরনে ছিল গেরুয়া পাঞ্জাবী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও অন্য নেতাদের সামনে হয় শপথগ্রহণ।
ব্রিগেডে এই শপথগ্রহণ মঞ্চে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
ব্রিগেডে এদিন বিজেপি কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। তাঁদের সামনে বিশাল মঞ্চে হয় এই শপথগ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী এদিন হুড খোলা গাড়িতে সকলকে অভিনন্দন জানাতে জানাতে মঞ্চের সামনে আসেন। পাশে ছিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
মঞ্চে উঠে এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এদিন মঞ্চে একে একে উপস্থিত হতে থাকেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ উত্তরপূর্ব ভারতের নানা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করার পর একে একে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিকরা মন্ত্রী হিসাবে শপথ নেন। তবে তাঁরা কে কোন দফতর সামলাবেন তা জানা যায়নি। এদিন ব্রিগেডে এই শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ছিল আঁটসাঁট নিরাপত্তা বেষ্টনী।












