Kolkata

চোরবাগানের মণ্ডপে ভিড়ের চাপে হুলুস্থুলু, আহতদের পাঠানো হল হাসপাতালে

চোরবাগানের পুজো মণ্ডপে মহাসপ্তমীর সন্ধ্যায় ভিড়ের প্রবল চাপে বিপর্যয়। পদপিষ্ট হওয়ার অভিযোগ। অনেক মানুষ আহত। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হল অনেককে।

কলকাতার যে কয়েকটি পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ছিল তার একটি ছিল চোরবাগানের দুর্গাপুজো। এই পুজো দেখতে মহাসপ্তমীর সন্ধেয় ভিড় উপচে পড়ছিল। সে সময় ঝেঁপে বৃষ্টি নামে। বৃষ্টি নামতে যাঁরা বাইরে অপেক্ষা করছিলেন মণ্ডপে ঢোকার জন্য তাঁরা বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ।

এতে মণ্ডপের মধ্যে প্রবল ভিড়ের চাপ তৈরি হয়। ভিড়ের চাপ একসময় এতটাই অসহ্য পর্যায়ে পৌঁছে যায় যে একটা হুড়োহুড়ি তৈরি হয়ে যায়। মানুষ একে অপরের ওপর পড়ে যান। একটা পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়ে যায় বলে জানিয়েছেন অনেকে। তাতেই ঘটে যায় বিপর্যয়।

অনেক মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়। অনেকের সংজ্ঞা ছিলনা। অনেকের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় প্রায় ৫০ জনকে। সেখানে আহতদের দ্রুত চিকিৎসা শুরু হয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে কয়েকজনের প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে।

খবর পেয়ে হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়। চোরবাগানের পুজোয় সাধারণ মানুষের প্রবেশ এরপর বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রশ্ন উঠছে দর্শনার্থীদের প্রবল ভিড় সামাল দেওয়ার জন্য ব্যবস্থার অভাব নিয়ে। এই ঘটনায় পুজোর সপ্তমীতেই বিষাদের সুর। অনেক মানুষের আঘাত গুরুতর না হলেও আহত হয়েছেন তাঁরা। আহতদের মধ্যে সব বয়সের মানুষই রয়েছেন। পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে এমন ঘটনা আপামর বঙ্গবাসীকে অবাক করে দিয়েছে।

Show Full Article