SciTech

৪০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে সাহারা মরুভূমির চোখ

একে বিশ্ব চেনে সাহারা মরুভূমির চোখ বলে। চোখ বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ এ যেন সত্যিই চোখ। প্রকৃতির তৈরি চোখ।

প্রবল হাওয়া এখানে যুগ যুগ ধরে জন্ম দিয়েছে রঙিন বালির সমুদ্র। যেখানে উপত্যকার মত সৃষ্টি হয়েছে একসময় বয়ে যাওয়া জলের ধারার প্রভাবে। স্পষ্ট বোঝা যায় শুকিয়ে যাওয়া নদীর দাগ।

শুধু তাই নয়। এ এলাকায় পাওয়া যায় প্যালিওলিথিক যুগের পাথরের তৈরি জিনিস। নিওলিথিক যুগের গুহাচিত্র, মধ্যযুগের একাধিক শহরের চিহ্ন।

সাহারা মরুভূমির বুকে আদরার মালভূমি নিজেই এক বিস্ময়। সাহারা মরুভূমি একাধিক দেশের অংশ। তারই একটি অংশ অবস্থিত আফ্রিকার মৌরিতানিয়া নামে দেশের উত্তর প্রান্তে। যেখানে রয়েছে এই আদরার মালভূমি।

এখানেই ৪০ কিলোমিটার জুড়ে চক্রাকার আকৃতির স্তরবিন্যাস নজর কাড়ে। এমন গোলাকার পরিস্থিতি তৈরি হয় যদি কোথাও বিশাল উল্কা আছড়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে তা হয়নি।

একসময় মাটির তলা থেকে জমি উঠে আসে। সেটা হয়েছিল মাটির তলায় লাভার সক্রিয়তায়। উপরে উঠে আসার পর হাওয়ার ধাক্কা বহু বছর ধরে এই উঁচু জমিকে নানা আকৃতি প্রদান করে। যা উপর থেকে ৪০ কিলোমিটার ধরে গোল অনেকগুলি চাকার মত দেখতে লাগে।

মহাকাশ থেকে তোলা ছবিতে একে চোখের মত দেখায়। তাই একে সাহারার চোখ বলে ব্যাখ্যা করা হয়। গোলগুলির মধ্যে মধ্যে নানা রংয়ের খেলা যেন এটিকে আরও বেশি করে চোখের মত করে তুলেছে। কমলা ও ধূসর রংয়ের প্রাধান্যই বেশি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *