World

ডানা নেই, সাঁতারও জানেনা, তবু অন্য মহাদেশে ছড়িয়ে পড়ল কীভাবে এই গুবরেপোকা

উড়তে পারেনা। সাঁতারও জানেনা। অথচ পৃথিবীর বহু দূরের ২ মহাদেশে দেখা মেলে একই গোত্রের গুবরেপোকার। উত্তর খুঁজলেন বিজ্ঞানীরা।

পৃথিবীর এক প্রান্তে আফ্রিকা, অন্য প্রান্তে আমেরিকা। মাঝখানে বিশাল আটলান্টিক মহাসাগর। অথচ ২ মহাদেশে ছড়িয়ে থাকা কয়েক ধরনের গুবরেপোকার মধ্যে রয়েছে আশ্চর্য আত্মীয়তার সম্পর্ক। অবাক করা বিষয় যে এই পোকাগুলি উড়তে পারেনা। সাঁতার কেটেও সমুদ্র পার হওয়ার ক্ষমতা নেই তাদের। তাহলে এত দূরে পৌঁছল কীভাবে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা। তাঁদের নজরে ছিল বড় আকারের ফ্লাইটলেস টাইগার বিটল। উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চল, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় পাওয়া এই পোকাদের বিবর্তনের ইতিহাস জানতে বিজ্ঞানীরা তাদের ডিএনএ পরীক্ষা করেন।

জীবিত পোকা ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক ইতিহাস সংগ্রহশালায় সংরক্ষিত নমুনা থেকে তথ্য সংগ্রহ করা হয়। তারপর জিনগত মিল বিশ্লেষণ করে তৈরি হয় পোকাদের বংশলতিকা। আর তাতেই সামনে আসে কোটি কোটি বছরের পুরনো এক চমকপ্রদ ইতিহাস।

গবেষকদের মতে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার এই পোকাদের প্রাচীন পূর্বপুরুষেরা বাস করত গন্ডোয়ানা নামে এক বিশাল ভূখণ্ডে। তখন ওই ২ মহাদেশ আজকের মত আলাদা ছিলনা।

পরে পৃথিবীর ভূত্বকের বিশাল অংশ ধীরে ধীরে সরে গিয়ে মহাদেশগুলিকে বিচ্ছিন্ন করে দেয়। পোকাদেরও আলাদা হয়ে যেতে হয় নিজেদের আসল ভূখণ্ড থেকে।

গবেষণায় আরও দেখা গেছে উত্তর আমেরিকার দৈত্যাকার টাইগার বিটলদের সঙ্গে দক্ষিণ আমেরিকার প্রজাতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে তাদের বিস্তারের ইতিহাসে পরবর্তী সময়ে স্থান পরিবর্তনের ভূমিকাও রয়েছে।

Show Full Article