Durga Pujo

আগামী বছরও পুজো ৫ দিনের, কবে থেকে শুরু, কবে শেষ, কবে মহালয়া

দশমীর বিষাদের মাঝেই শুরু কাউন্টডাউন। বাঙালি সারা বছর অপেক্ষায় থাকে দুর্গাপুজোর এই কটা দিনের জন্য। আগামী বছরও দুর্গাপুজোয় বাড়তি পাওনা একটা দিন।

আবার এসো মা। জল ভরা চোখে বিজয়াদশমীর দিন এই বলেই বাঙালি বিদায় জানায় মা দুর্গাকে। আর সেই বিষাদের মধ্যেই শুরু হয়ে যায় আগামী বছরের কাউন্টডাউন।

এবার দুর্গাপুজো ছিল ৪ দিন নয়, ৫ দিনের। তিথি মেনে এবার সপ্তমী পালন হয়েছে ২ দিন ধরে। ফলে একটা দিন বাড়তি পাওনা হয়েছে পুজোর আনন্দ উপভোগে।

পুজোর আনন্দ আগামী বছরও এই বাড়তি একটা দিনে পালিত হতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালেও দুর্গাপুজো ৫ দিনের। তবে সপ্তমী নয়, আগামী বছর দুর্গাপুজোয় মহাষ্টমী ২ দিন ব্যাপী পালিত হতে চলেছে।

আগামী বছর পুজো এতটা দেরি করে নয়। সেপ্টেম্বরের শেষ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মহালয়া। ওইদিন বৃহস্পতিবার। মহাষষ্ঠী অক্টোবরের ৫ তারিখ। ওইদিন মঙ্গলবার। তারপর বুধবার ৬ অক্টোবর মহাসপ্তমী।

বৃহস্পতিবার ৭ অক্টোবর মহাষ্টমীর প্রথম দিন। শুক্রবার ৮ অক্টোবর মহাষ্টমীর দ্বিতীয় দিন। শনিবার ৯ অক্টোবর মহানবমী। আর ১০ অক্টোবর রবিবার বিজয়াদশমী। সব মিলিয়ে ৫ দিনের পুজো।

তবে বাঙালির জীবনে পুজোর আনন্দ তো মহালয়া পার হলেই শুরু হয়ে যায়। তখনই একটা উৎসবের মেজাজ ধরা পড়ে। এক এক করে উদ্বোধন হতে থাকে বারোয়ারি পুজোর।

তৃতীয়া থেকেই বিভিন্ন প্যান্ডেলে মানুষের ঢল নামে। বাঙালি মেতে ওঠে পুজোর আনন্দে। এ বছরের মত সেই আনন্দ উৎসবে ইতি। অপেক্ষা ফের একটা বছরের।

Show Full Article