একটি ফলকে বলা হয় লাদাখের সোনা, ফলে ১২ হাজার ফুট উচ্চতায়
একটি ফল অনেকের কাছে পরিচিত লাদাখের সোনা নামে। এক তো এর বর্ণ রয়েছেই, তার সঙ্গে এর গুণও নেহাত কম নয়।
এ ফল হিমালয়ের দান। হিমালয়ের ১২ হাজার ফুট উচ্চতায় এই ফল দেখতে পাওয়া যায়। নাম সিবাকথর্ন। বাংলায় অনেকে একে ব্রহ্মফল বলেও ডেকে থাকেন। এই ফলের রং হয় কমলা সোনার মত। যার থেকে একে অনেকে লাদাখ গোল্ড বা লাদাখের সোনা বলে থাকেন।
লাদাখের পার্বত্য এলাকার ১২ হাজার ফুটের আশপাশের উচ্চতায় এই ফল দেখতে পাওয়া যায়। একটা উচ্চতা ছাড়া এই ফল হয়না। হিমালয়ের এ এক অমোঘ দান।
কারণ এই ফল যেমন রূপে সুন্দর, তেমনই গুণেও। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই ফলটি সম্বন্ধে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। প্রকৃতির এক অমোঘ দান বলেই এই ফলকে ব্যাখ্যা করেছেন তিনি।
ফলটিকে সাধারণ একটি ফল না বলে একে সুপার ফুড বলে ব্যাখ্যা করেছেন মন্ত্রী। ফলটির গুণাগুণও অনেক। প্রচুর অ্যান্টিঅক্সিডান্ট তো রয়েছেই, তার সঙ্গে এটিতে রয়েছে একটি পাতিলেবুতে যে পরিমাণ ভিটামিন সি থাকে তার ১০ গুণ।
এটির স্বাদও তাই একটু আলাদা। লাদাখে যাঁরা বেড়াতে যান তাঁরা এই ফলটি চেখে দেখতে পারেন। হিমালয়ের এই দান স্বাস্থ্যের পক্ষে উপকারি। আবার স্বাদ ও রূপেও অনন্য।
লাদাখের পার্বত্য এলাকায় জন্ম নেওয়া এই ফল জিআই ট্যাগও অর্জন করেছে। ফলে তার সঙ্গে লাদাখের যোগসূত্র আরও নিবিড় হয়েছে। এখানকার বাসিন্দারাও এই ফল খেয়ে থাকেন। তাঁদের কাছে এটি স্থানীয় ফল। যা স্বাস্থ্যকরও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











