যে ভুল শোধরানো এতদিন কঠিন ছিল, এবার সেই সমস্যায় আশার আলো দেখালেন বিজ্ঞানীরা
দীর্ঘদিনের এক কঠিন সমস্যা সমাধানে নতুন পথ খুঁজে পেলেন বিজ্ঞানীরা। পরীক্ষায় মিলেছে আশাতীত সাফল্য। যা ভবিষ্যতে অনেক কিছু বদলে দিতে পারে।
কম্পিউটার ভুল করলে তা সংশোধনের ব্যবস্থা রয়েছে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি কঠিন। কারণ এই যন্ত্রের তথ্য বহনকারী কিউবিট অত্যন্ত সংবেদনশীল। সামান্য প্রভাবেই হিসাবের মধ্যে ঢুকে পড়তে পারে ভুল। সেই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ করলেন গুগল কোয়ান্টাম এআই-এর বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা ব্যবহার করেছেন উইলো নামে একটি কোয়ান্টাম প্রসেসর। সেখানে পরীক্ষা করা হয়েছে ম্যাজিক স্টেট কাল্টিভেশন নামে বিশেষ কৌশল। জটিল কোয়ান্টাম গণনার জন্য প্রয়োজন হয় ম্যাজিক স্টেট নামে একধরনের বিশেষ অবস্থা। কিন্তু সেটি নির্ভুলভাবে তৈরি করা সহজ নয়।
গবেষকেরা প্রথমে কিছুটা ত্রুটিযুক্ত একটি অবস্থা তৈরি করেন। তারপর একাধিক কিউবিটে তথ্য ছড়িয়ে দিয়ে সহায়ক কিউবিটের সাহায্যে খুঁজতে থাকেন ভুল। কোনও পরীক্ষায় ত্রুটি ধরা পড়লেই সেই প্রচেষ্টা বাতিল। আর সব যাচাই পার হলে তবেই রাখা হয় পরিশোধিত অবস্থাটি।
এই পদ্ধতিতে বিশেষ ওই অবস্থার ত্রুটি প্রায় ৪০ গুণ কমেছে। সফলভাবে তৈরি অবস্থার নির্ভুলতা পৌঁছেছে ৯৯ দশমিক ৯৯ শতাংশে। তবে চমকপ্রদ সাফল্যের পাশাপাশি রয়েছে সীমাবদ্ধতাও। প্রতি ১০০টি প্রচেষ্টার মধ্যে গড়ে মাত্র ৮টি সব পরীক্ষা পেরিয়েছে।
প্রচলিত পদ্ধতিতে এমন বিশেষ অবস্থা তৈরি করতে বিপুল সংখ্যক কিউবিট প্রয়োজন হতে পারে। নতুন পদ্ধতিটি সেই প্রয়োজন কমানোর সম্ভাবনা দেখিয়েছে।
বিজ্ঞানীরা পরিশোধিত অবস্থাকে আরও বড় সুরক্ষা ব্যবস্থাতেও স্থানান্তরিত করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্স পত্রিকায়। তবে এর অর্থ এমন নয় যে গোটা কোয়ান্টাম কম্পিউটারের সব ভুল ৪০ গুণ কমে গেছে।
আপাতত একটি বিশেষ কোয়ান্টাম অবস্থায় মিলেছে সাফল্য। ভবিষ্যতের শক্তিশালী এবং নির্ভরযোগ্য কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথে যা গুরুত্বপূর্ণ অগ্রগতি।











