National

কৃষি প্রধান ভারতে এবার কৃষক স্বার্থে দেশজুড়ে অভিনব অভিযান

ভারত কৃষি প্রধান দেশ। যেখানে কৃষকদের স্বার্থ ও তাঁদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেজন্য দেশজুড়ে এক অভিনব আয়োজন চলবে নভেম্বরের শেষ পর্যন্ত।

কৃষি প্রধান ভারতে মাটিকে মাতৃরূপে বন্দনা করা হয়। এই মাটিই এত মানুষের উদরপূর্তির যোগানদার। আর সেই যোগান অব্যাহত থাকে রাতদিন এক করে রোদ, জল, বৃষ্টির মধ্যে লড়াই করে ফসল ফলিয়ে চলা কৃষকদের জন্য। কিন্তু কৃষিক্ষেত্রেও এখন উন্নতির প্রয়োজন।

বিজ্ঞানকে মিশিয়ে দিয়ে কৃষিজমিকে উন্নত রূপ দিতে পারলে ফলনও বৃদ্ধি পাবে। সেজন্য দরকার মাটিকে সঠিকভাবে চেনা। চেনার পর সেই মাটিকে কীভাবে উর্বর রাখতে হবে সে সম্বন্ধে পর্যাপ্ত ধারনা।

তার সঙ্গে কৃষিকাজের জন্য প্রয়োজন জল। সেই জল কীভাবে সংরক্ষণ হবে, কীভাবে মাটির তলার জল নিজের স্তর ধরে রাখবে, কীভাবে মাটিকে উর্বর রাখতে তাতে জল, সার দিতে হবে, এসব প্রয়োজনীয় ধারনা কৃষকদের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে শুরু ক্ষেত বাঁচাও অভিযান।

হরিয়ানার কার্নাল থেকে এই ক্ষেত বাঁচাও অভিযান শুরু করছে কেন্দ্র। তারপর তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে। কৃষকদের জমি, জল, সার, ফলন সবকিছু নিয়ে আধুনিক ধারনা দিতে, তাঁদের সচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে। শেখানো হবে মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা।

কৃষকদের কৃষি জ্ঞানকে আরও সমৃদ্ধ করে তুলতে এই অভিযানের সূত্রপাত। যেখানে বৃষ্টির জল ধরে রাখার বিষয়টিতেও নজর দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্যোগে এই ক্ষেত বাঁচাও অভিযান আগামী দিনে ভারতের কৃষি জমিকে আরও ফলনশীল করে তুলবে বলেই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article