শহরের খালে ১০ ফুটের হাঙর, দেখতে ভিড় জমালেন ১৬ লক্ষ মানুষ
শহরের অপ্রত্যাশিত অতিথিকে ঘিরে মানুষের কৌতূহল তুঙ্গে। তাকে নিয়ে চিন্তায় প্রশাসনও। শুরু হয়েছে বিশেষ উদ্ধার অভিযান।
সমুদ্রের হাঙরকে দেখতে শহরের মাঝখানে মানুষের ভিড়। এমনই এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। শহরের একটি পার্কের একটি কৃত্রিম জলপথে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ঘুরে বেড়াচ্ছে প্রায় ১০ ফুট লম্বা একটি হাঙর।
ডাস্কি শার্ক প্রজাতির এই স্ত্রী হাঙরটির নাম স্থানীয় বাসিন্দারা রেখেছেন বুকাঙ্গি। তাকে একবার চোখের দেখা দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।
দক্ষিণ কোরিয়ার বুসান শহরের প্রশাসনের হিসাব অনুযায়ী ইতিমধ্যে ১৬ লক্ষেরও বেশি দর্শনার্থী এসেছেন ওই এলাকায়। হাঙরের ছবি তুলতে ভিড় জমেছে জলপথের ধারে। স্থানীয় ব্যবসাতেও তার প্রভাব পড়েছে।
কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও বুকাঙ্গিকে নিয়ে চিন্তায় প্রশাসন। হাঙরটির স্বাভাবিক বাসস্থান খোলা সমুদ্র। অথচ অগভীর এই জলপথে আটকে থাকায় তার খাবার পাওয়া এবং শরীরের অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তার ওপর জল ক্রমশ ঠান্ডা হচ্ছে।
প্রথমে জলের তোড়, পরে জাল ব্যবহার করে তাকে সমুদ্রে ফেরানোর চেষ্টা হয়েছিল। ২ বারই ব্যর্থ হন উদ্ধারকারীরা। এরপর একটি ভাসমান মঞ্চের সঙ্গে জাল লাগিয়ে তৃতীয় অভিযান চালান হয়। অনেক চেষ্টায় হাঙরটি জলপথের বাইরে বেরিয়েও যায়।
তবে গল্পের শেষ সেখানেই নয়। ঘটনার পরদিন জানা যায় জালের নিচ দিয়ে সাঁতরে বুকাঙ্গি আবার খালের ভিতর ফিরে এসেছে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। প্রশাসন নজর রাখছে যাতে সে নিজে থেকেই গভীর জলের দিকে যেতে পারে।











