যাত্রীরা কি চাইছেন, সরাসরি শুনতে চায় রেল, যাত্রীদের সঙ্গে কথা বলতে বিশেষ উদ্যোগ
ভারতীয় রেলে সফর করা সাধারণ মানুষের কাছে এবার তাঁদের চাহিদা, পছন্দ, অভিযোগ সরাসরি শুনতে উদ্যোগী হল রেল। আর তা করতে অভিনব উদ্যোগ নিলেন রেল কর্তৃপক্ষ।
কোনও চিঠি মারফত নয়। কোনও অভিযোগ দাখিল পত্রের মধ্যে দিয়ে নয়। বিক্ষিপ্তভাবে রেল আধিকারিকদের কাছে কিছু মানুষের স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে এসে কিছু প্রস্তাব দেওয়া নয়। অন্য কারও কাছ থেকেও নয়। এবার যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন রেল আধিকারিকরা।
তাঁরাই হাজির হবেন সাধারণ যাত্রীদের কাছে। বিভিন্ন স্টেশনে হাজির হবেন রেল আধিকারিকরা। তারপর সেখানে অপেক্ষারত যাত্রী, স্টেশনে দাঁড়িয়ে বা বসে থাকা যাত্রীদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন।
আধিকারিকরা জিজ্ঞেস করবেন যাত্রীরা রেলের কাছে কি চান? কি ধরনের অসুবিধা হয় তাঁদের? রেলের কোন দিকটা উন্নত করা হলে যাত্রীদের সুবিধা হবে? কি নিয়ে অভিযোগ রয়েছে তাঁদের? এমন নানা কথা হবে রেল আধিকারিক এবং যাত্রীদের মধ্যে।
যাত্রীদের কাছ থেকে শুনে সেসব বক্তব্য নথিবদ্ধ করে রাখবেন রেল আধিকারিকরা। সেগুলি এরপর খতিয়ে দেখে যাত্রীদের রেলের কাছে চাহিদা সম্বন্ধে একটা ধারনা তৈরি করবে রেল। প্রয়োজনীয় যাত্রী পরামর্শ বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনাও করা হবে।
সেই সঙ্গে রেলস্টেশনকে অপরিস্কার রাখা, রেলের সম্পত্তি নষ্ট করা, রেললাইনে বেআইনিভাবে হাঁটাচলা করার মত বিষয়গুলি থেকে যাত্রীদের বিরত থাকার পরামর্শও দেবেন রেল আধিকারিকরা।
তবে সেটা কোনও ঘোষণা বা বিজ্ঞপ্তি দিয়ে নয়। সরাসরি যাত্রীদের কাছে পৌঁছে তাঁদের সঙ্গে কথা বলে তথ্য আদানপ্রদান করবেন রেল আধিকারিকরা। এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে জন সংবাদ। যা শুরু হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে-তে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











