World

রেললাইন তৈরির সময় মাটির নিচে মিলল বহু পুরনো ইতিহাস, দেখে অবাক গবেষকেরা

কাজ চলছিল স্বাভাবিক নিয়মে। কিন্তু মাটি খুঁড়তে গিয়ে এমন কিছু সামনে এল যা দেখে অবাক হয়ে গেলেন গবেষকেরাও।

মাটির নিচে চাপা পড়ে ছিল প্রায় ২ হাজার বছরের ইতিহাস। তার ওপর দিয়ে তৈরি হওয়ার কথা আধুনিক রেললাইন। কিন্তু খোঁড়াখুঁড়ি শুরু হতে বদলে গেল ছবিটা। নতুন রেলপথ নির্মাণের সময় একের পর এক মাটির পাত্র, ছোট মূর্তি এবং বহু প্রাচীন নিদর্শন উঠে এল মাটির বুক থেকে।

প্রাথমিক ভাবে জিনিসগুলিকে সাধারণ পুরনো জিনিস মনে হতে পারে। তবে প্রত্নতাত্ত্বিকদের পরীক্ষায় সামনে এসেছে অনেক বড় রহস্য। উদ্ধার হওয়া জিনিসগুলির গঠন, অলংকরণ আর রঙে মিলেছে আলাদা আলাদা সংস্কৃতির ছাপ।

কোথাও তেওতিহুয়াকান, কোথাও টলটেক, আবার কোথাও মেক্সিকা সভ্যতার শিল্পরীতি। এখানেই শেষ নয়। ওআহাকা ও হুয়াস্তেকা অঞ্চলের প্রভাবও ধরা পড়েছে কয়েকটি নিদর্শনে।

তাহলে কি বহু শতাব্দী আগে দূরদূরান্তের মানুষের নিয়মিত যাতায়াত ছিল এই পথে? গবেষকদের মতে নানা জনগোষ্ঠীর বসবাস, যোগাযোগ এবং সাংস্কৃতিক আদানপ্রদানের দীর্ঘ ইতিহাস লুকিয়ে রয়েছে এই এলাকাজুড়ে।

সেই ইতিহাসের সময়সীমা ছড়িয়ে যায় ২ হাজার বছর। মাটির পাত্রগুলি কোথায় তৈরি হয়েছিল, কীভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় পৌঁছল, তা বোঝার চেষ্টা চলছে।

কিছু ছোট মূর্তি পাওয়া গিয়েছে সমাধির সঙ্গে যুক্ত অবস্থায়। কয়েকটির গায়ে ইচ্ছাকৃতভাবে ভাঙার চিহ্নও রয়েছে। কেন সেগুলি ভাঙা হয়েছিল, কোনও আচার পালনের জন্য, না তার পিছনে অন্য বিশ্বাস কাজ করেছিল, এ প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

মেক্সিকোর মেক্সিকো সিটি থেকে কেরেতারো পর্যন্ত আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে গিয়ে তাই সামনে এসেছে প্রাচীন যোগাযোগেরই এক বিস্ময়কর অধ্যায়। যে মাটিতে বসবে রেলের লাইন, সেই মাটিই যেন জানিয়ে দিল মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের পথ তৈরি হয়েছিল বহু আগেই।

Show Full Article