State

রাজধানী এক্সপ্রেসে পচা খাবার দেওয়ার অভিযোগে আসানসোলে যাত্রী বিক্ষোভ

দেশের অন্যতম সেরা ট্রেন হিসাবে পরিচিত রাজধানী এক্সপ্রেস। দেশবাসী বেশ সম্ভ্রমের চোখেই দেখেন রাজধানী এক্সপ্রেসকে। এ ট্রেনে দীর্ঘদিন ধরেই খাবার পরিবেশন করা হয়। যাত্রীদের খাবার নিয়ে উঠতে হয়না বা কিনে খেতে হয়না। সোমবার নয়াদিল্লি থেকে কলকাতামুখী শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে সেই খাবার নিয়েই যাত্রীদের মধ্যে বিক্ষোভ চরমে উঠল। ‌বি-৮ ও বি-৯ এই দুই কামরার যাত্রীদের অভিযোগ রাতের ডিনার হিসাবে তাঁদের যে খাবার পরিবেশন করা হয় তার অধিকাংশ দিয়েই গন্ধ বার হচ্ছিল। খাবারের মোরক খোলার পরেই তাঁরা বুঝতে পারেন খাবার পচা। এমনকি কয়েকজন যাত্রী ওই খাবার খেয়ে বমিও করেন। অভিযোগ জানালে ম্যানেজার পাল্টা খাবার দেরি করে খাওয়া হয়েছে বলে জানিয়ে দোষ চাপার চেষ্টা করেন বলে অভিযোগ যাত্রীদের। এদিকে অসুস্থ যাত্রীদের করা বমিতে বাথরুম ভরে থাকায় সেখানে ঢোকা দুঃসাধ্য হয়ে পড়ে বলে অভিযোগ করেন ক্ষুব্ধ যাত্রীরা। সকালে আসানসোল স্টেশনে ট্রেন থামলে সেখানে বিক্ষোভে সামিল হন তাঁরা। স্টেশন ম্যানেজারের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন। এদিকে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় যাত্রীদের পাশে দাঁড়িয়ে জানিয়ে দেন যাত্রীদের অভিযোগ সঠিক। তিনি নিজেও এই অবস্থার শিকার। এ নিয়ে তিনি মঙ্গলবারই রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন বাবুল।

 

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *