৪ কোটির ওপর এলইডি আলো দিয়ে তৈরি হল ভারতের প্রথম এলইডি ডোম প্ল্যানেটোরিয়াম
মহাকাশ সম্বন্ধে জানতে, জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে সাধারণ মানুষকে সম্যক ধারনা দিতেই প্ল্যানেটোরিয়াম। কলকাতাতেও রয়েছে একটি প্ল্যানেটোরিয়াম। এবার তৈরি হল দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটোরিয়াম।
প্ল্যানেটোরিয়ামে বসে মহাকাশ সম্বন্ধে একটা ধারনা পাওয়া যায়। সাধারণ মানুষ জানতে পারেন রাতের আকাশের দিকে যা সবসময় চেনা যায়না, তা চেনার উপায়। কোথায় কার অবস্থান এবং আরও অনেককিছু। জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে একটা ধারনা তৈরি হয়ে যায় প্ল্যানেটোরিয়ামে গেলে।
কলকাতা সহ অনেক শহরেই প্ল্যানেটোরিয়াম রয়েছে। কিন্তু এবার ভারতে পা দিল আধুনিক প্ল্যানেটোরিয়াম। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর বিজ্ঞানীরা তৈরি করলেন দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটোরিয়াম। যা তৈরি হয়েছে মাইসুরু শহরে।
মাইসুরু শহরের চামুন্ডি পাহাড়ের পাদদেশে এটি তৈরি করা হয়েছে। যা মাইসুরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই পড়ছে। যার নাম দেওয়া হয়েছে কসমস মাইসুরু।
১৫ মিটার হেলানো এই প্ল্যানেটোরিয়ামের গম্বুজ। এখানে ব্যবহার করা হয়েছে ৬ হাজার ১৫০টি প্যানেল। মোট ৪ কোটি ২০ লক্ষ এলইডি আলো দিয়ে এই প্ল্যানেটোরিয়াম তৈরি।
দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটোরিয়ামের ফিতে কেটে শুক্রবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্ল্যানেটোরিয়ামে বসে স্কাই থিয়েটারে একটি শোও দেখেন তিনি।
সাধারণ প্ল্যানেটোরিয়ামে সাধারণত প্রোজেক্টরের সাহায্য গম্বুজের দেওয়ালে মহাকাশকে ফুটিয়ে তোলা হয়। এক্ষেত্রে সেটা হবেনা। স্কাই থিয়েটারে আধুনিক পেশাদার ভঙ্গিতে মহাজাগতিক বিষয় তুলে ধরা হবে।
মাইসুরু বেড়াতে গেলে এবার বেড়ানোর তালিকায় এই এলইডি ডোম প্ল্যানেটোরিয়ামটি পর্যটকরা যুক্ত করতেই পারেন। এখানে ৩টি ভাষায় শো হবে। একটি তো স্থানীয় কন্নড় ভাষায়। এছাড়া হিন্দি ও ইংরাজিতেও শো হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











