National

ভারতীয় রেলে লেখা হল নতুন ইতিহাস, যাত্রা শুরু করল অন্য জ্বালানির ট্রেন

ভারতীয় রেলে প্রথাগত জ্বালানির বাইরে ইতিমধ্যেই হাইড্রোজেন চালিত ট্রেন শুরু হয়েছে। এবার আর এক নতুন জ্বালানির ট্রেন তার পথচলা শুরু করল।

ভারতীয় রেলে এক নতুন জ্বালানির ব্যবহার শুরু হল। ডিজেল চালিত একটি ইঞ্জিনে যুক্ত করা হল অন্য এক জ্বালানি ব্যবহারের সুবিধা। এবার সেই জ্বালানি ব্যবহার করেই তার যাত্রা শুরু করল একটি ট্রেন।

গুজরাটের সবরমতী থেকে পতাকা নেড়ে ট্রেনটির যাত্রারম্ভ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্রেনটি একদম এক নতুন জ্বালানিতে ছুটতে শুরু করল।

এলএনজি বা লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস ব্যবহার হল ট্রেনের চালিকাশক্তি হিসাবে। ভারতে এই প্রথম এলএনজি চালিত কোনও ট্রেন যাত্রা করল। ফলে এই দিনটি ভারতীয় রেলের ইতিহাসে এক অন্যতম উজ্জ্বল অধ্যায়ের সূচনা সময় হয়ে ইতিহাস গড়ল।

ইঞ্জিনটিতে ২ ধরনের জ্বালানি ব্যবহারের সুবিধা তৈরি করা হয়েছে। এক তো প্রথাগত ডিজেল ব্যবহার করা যাবে। সঙ্গে ব্যবহার করা যাবে এলএনজি। এলএনজি দ্বারা ছুটতে শুরু করার পর যদি কখনও প্রয়োজন পড়ে তাহলে ডিজেলে ঘুরিয়ে সেটিকেও জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে।

এই ট্রেনে এলএনজি ব্যবহার করার ফলে ৪০ শতাংশ ডিজেল বাঁচবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। ফলে আগামী দিনে ট্রেনের চালিকাশক্তি হিসাবে ডিজেলের প্রতি ভরসা করা অনেকটা কমবে।

এলএনজি-তে এই ট্রেনটি ঠিকমত ছুটতে পারবে কিনা তা আগেই পরীক্ষা করেছে রেল। ২ হাজার কিলোমিটার পরীক্ষামূলক যাত্রা করানো হয়েছে এলএনজি দিয়ে।

তারপর এদিন ট্রেনটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল। বিকল্প জ্বালানি হিসাবে এলএনজি-র ব্যবহার শুরু ভারতীয় রেলের জন্য এক অন্যতম পদক্ষেপ সন্দেহ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article