National

নদী পার করে চেনা জঙ্গল ছেড়ে পাশের রাজ্যে ১টি চিতা, করিডর হল চম্বল

ভারতে চিতার চলাফেরা সবে শুরু হয়েছে। এরমধ্যেই তারা চেনা জঙ্গল ছেড়ে নতুন জঙ্গলের খোঁজ শুরু করে দিল। করিডর বানাল চম্বলকে।

২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতে শুরু হয় প্রোজেক্ট চিতা। আফ্রিকা থেকে চিতা আনা হয় ভারতে। ছাড়া হয় মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। এই জঙ্গলে যেহেতু চিতারা দ্রুত মানিয়ে নিতে থাকে তাই কুনো এখন ভারতে চিতাদের নিশ্চিন্ত আবাস।

আফ্রিকা থেকে চিতা আনা এবং কুনোর জঙ্গলে সংসার পেতে বসা চিতাদের সন্তানদের যোগ করলে কুনোয় চিতার সংখ্যা এখন ৫০ পার করেছে। এবার সেই মধ্যপ্রদেশের কুনোর জঙ্গল থেকে ১টি চিতা পাড়ি দেয়। চম্বলের পাথুরে নিচু পথ ধরেই এগোয় সে। তারপর পার করে চম্বল নদী।

গোটা ঘাটের কাছ থেকে চম্বল নদী পার করে চিতাটি ঢুকে পড়ে রাজস্থানে। সেখানে রণথম্ভোর হয়ে চিতাটি অবশেষে পৌঁছয় কারৌলি-র জঙ্গলে।

কুনোর প্রতিটি চিতার একটি করে নাম বা নম্বর রয়েছে। এটি পরিচিত কেওএমজি৪ নামে। সে এখন তার নতুন এক ঠিকানা পেয়েছে।

চিতাটির এই রাজস্থানে পৌঁছনোর দিকে নজর রেখেছিলেন বন দফতরের আধিকারিকরা। যাতে সে তার নিজের মত করে বিনা বাধায় প্রকৃতির বুকে এগিয়ে যেতে পারে তা নিশ্চিত করেন তাঁরা।

রাজস্থানে চিতাটির প্রবেশ এটা পরিস্কার করল যে চিতাদের কুনোর জঙ্গল থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জঙ্গলে ছাড়ার পাশাপাশি চিতারা নিজেরাও এবার আশপাশে যেতে শুরু করছে।

হয়তো নতুন জঙ্গলে নতুন আস্তানার খোঁজ করছে তারা। কুনোয় চিতার সংখ্যা বৃদ্ধির জেরেই হয়তো তারা নতুন ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করছে।

Show Full Article