বদ্রীনাথ ধামের দরজা বন্ধ হওয়ার আগে শুরু পাঁচ পূজার পরম্পরা, তৈরি পালকি
চারধামের মধ্যে ৩টি ধাম কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী ইতিমধ্যেই শীতের জন্য বন্ধ হয়েছে। বদ্রীনাথ ধামের দরজা বন্ধের আগের নিয়ম পালন শুরু হয়ে গেল।
অন্য ৩ ধামের মতই বদ্রীনাথ ধামের দরজা শীতের জন্য ৬ মাস বন্ধ থাকবে। ভগবান বদ্রী বিশাল চলে আসবেন তাঁর শীতকালীন আবাসে। তার আগে বদ্রীনাথ মন্দিরে শুরু হয়ে গেছে ৫ পূজা। এ এক পারম্পরিক রীতি। যা পালনের মধ্যে দিয়ে বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ করা হয়।
গত বৃহস্পতিবারই বন্ধ করা হয়েছে ভগবান গণেশের মন্দির। শুক্রবার বন্ধ হল আদি কেদারেশ্বর এবং আদি গুরু শঙ্করাচার্যের মন্দির। শনিবার বন্ধ হবে খড়গ পুস্তক পূজা এবং বৈদিক মন্ত্রোচ্চারণ। রবিবার দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হবে ভগবান বদ্রী বিশালের মন্দিরে থাকার জন্য।
এই পঞ্চ পূজা সমাপ্ত হওয়ার পর সোমবার ১৬ নভেম্বর রাত ৯টা ৩৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ বছরের মত বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা।
মঙ্গলবার সকালে ভগবান বদ্রী বিশালের পালকি মহা ধুমধামের সঙ্গে বার হবে বদ্রীনাথ মন্দির থেকে। বর্ণাঢ্য শোভাযাত্রা পাড়ি দেবে ভগবান বদ্রী বিশালের শীতকালীন আবাস পাণ্ডুকেশ্বরের দিকে। তার সঙ্গেই এবারের মত শেষ বদ্রীনাথ ধাম যাত্রা। আবার ৬ মাসের অপেক্ষা। তারপর ফের খুলবে বদ্রীনাথ মন্দিরের দরজা।
প্রসঙ্গত প্রথমে বন্ধ হয়েছে গঙ্গোত্রী ধামের দরজা। গত মঙ্গলবার বন্ধ হয় গঙ্গোত্রী। তার পরদিন বুধবার ভাইফোঁটার দিন বন্ধ হয় কেদারনাথ ও যমুনোত্রী ধামের দরজা। বাকি রয়েছে বদ্রীনাথ ধাম। যা আনুষ্ঠানিকভাবে বন্ধ হবে আগামী ১৬ নভেম্বর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











