SciTech

ব্ল্যাকহোল বারবার ছিঁড়ে খাচ্ছে একই তারাকে, তবু কেন তার বিনাশ হচ্ছেনা

ব্ল্যাকহোল বারবার ছিঁড়ে নিচ্ছে তারার অংশ, তবু বিনাশ হচ্ছেনা তার। কোথায় লুকিয়ে এই মহাজাগতিক রহস্যের আসল কারণ।

মহাকাশের এক ভয়ংকর ব্ল্যাকহোলের সামনে বারবার হাজির হচ্ছে একটি তারা। প্রতিবারই ব্ল্যাকহোল তার শরীরের কিছু অংশ ছিঁড়ে নিচ্ছে। প্রচণ্ড আলো জ্বলে উঠছে চারপাশে। তারপরও আশ্চর্যভাবে তারাটি পুরোপুরি ধ্বংস হচ্ছেনা। আবার নিজের কক্ষপথে ফিরে যাচ্ছে, আবার ফিরে আসছে সেই ব্ল্যাকহোলের কাছেই।‌

জ্যোতির্বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনাকে বলেন পার্শিয়াল টাইডাল ডিসরাপশন ইভেন্ট। সাধারণভাবে কোনও তারা অতিবিশাল ব্ল্যাকহোলের খুব কাছে গেলে তার প্রবল মহাকর্ষীয় টানে তারাটি সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে ব্ল্যাকহোল তারাটির কেবল বাইরের অংশের কিছু পদার্থ টেনে নেয়। মূল অংশটি তখনও টিকে থাকে।

সম্প্রতি গবেষকেরা এমন বারবার ফিরে আসা তারাদের আচরণ ব্যাখ্যা করতে একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন। তাঁদের মতে, তারাটির নিজের অক্ষের চারদিকে অত্যন্ত দ্রুত ঘূর্ণন এই রহস্যের বড় কারণ হতে পারে।

প্রতিবার ব্ল্যাকহোলের কাছাকাছি যাওয়ার সময় তারাটির উপর প্রচণ্ড বল কাজ করে। তখন তার শরীর থেকে গ্যাস ও পদার্থ ছিটকে ব্ল্যাকহোলের দিকে ধাবিত হয়। সেই পদার্থ উত্তপ্ত হয়ে তৈরি করে উজ্জ্বল শিখা। কিন্তু একবারে পুরো তারা ধ্বংস না হওয়ায় পরবর্তী কক্ষপথে আবার একই ঘটনা ঘটতে পারে।

আরও আকর্ষণীয় বিষয়, পর্যবেক্ষণে দেখা যায় এই শিখাগুলি সময়ের সঙ্গে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। গবেষকদের মডেল বলছে, দ্রুত ঘূর্ণন তারাটির গঠন বদলে দিয়ে প্রতিবার কতটা ভর হারাবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারে।

অর্থাৎ ব্ল্যাকহোল বারবার তারাটিকে যেন খাচ্ছে, কিন্তু এখনও শেষ করতে পারছেনা। মহাকাশের এই অসম লড়াই বিজ্ঞানীদের সামনে খুলে দিচ্ছে ব্ল্যাকহোলের আশপাশে তারাদের বেঁচে থাকার এক নতুন রহস্য।

Show Full Article