SciTech

মঙ্গলগ্রহের বুকে নতুন ইতিহাস গড়ল নাসার যান পারসিভিয়ারেন্স

লাল গ্রহে ইতিহাস রচনা করল নাসার রোবট যান পারসিভিয়ারেন্স। যা তারিয়ে উপভোগ করেছেন নাসার বিজ্ঞানীরা। নাসার অপরচুনিটি-কে ছাপিয়ে গেল পারসিভিয়ারেন্স।

লাল গ্রহে দিনের পর দিন ঘুরে বেরিয়ে তথ্য সংগ্রহ করেছে অক্লান্তভাবে। জেজেরো ক্রেটারে ঘোরার পর সেই গর্তের ঢাল বেয়ে উপরে উঠে এখন পারসিভিয়ারেন্স টহল দিচ্ছে জেজেরোর আশপাশে। সেখানে নতুন নতুন জায়গায় পৌঁছে সেখান থেকে তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছে।

সেই তথ্য থেকে লাল গ্রহ সম্বন্ধে নতুন করে জানতে পারছেন বিজ্ঞানীরা। ধারনা বদলে যাচ্ছে এই গ্রহটি সম্বন্ধে। যে পারসিভিয়ারেন্স প্রতিদিন নতুন নতুন তথ্য দিয়ে লাল গ্রহকে আরও ভাল করে চেনাচ্ছে, সেই পারসিভিয়ারেন্স এবার নিজেই ইতিহাস রচনা করল।

মঙ্গলের বুকে সবচেয়ে বেশি পথ অতিক্রম করার রেকর্ড গড়ল পারসিভিয়ারেন্স। এর আগে ২০০৪ থেকে ২০১৮ পর্যন্ত এই কাজে নিযুক্ত আর এক রোবট যান অপরচুনিটি-কে টপকে গেল পারসিভিয়ারেন্স।

অপরচুনিটি তার কার্যকালে মঙ্গলের বুকে ৪৫ কিলোমিটার ১৬ মিটার পথ অতিক্রম করেছিল। পারসিভিয়ারেন্স সেই রেকর্ড টপকে মঙ্গলের বুকে ৪৫ কিলোমিটার ২২ মিটার পথ ঘুরে ফেলেছে। ফলে এখন লাল গ্রহের বুকে সবচেয়ে বেশি পথ ঘুরে বেড়ানো কোনও যানের নাম পারসিভিয়ারেন্স।

এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। অপরচুনিটি এই পথ অতিক্রম করতে প্রায় ১৫ বছর সময় নিয়েছিল। সেখানে পারসিভিয়ারেন্স নিল মাত্র সাড়ে ৫ বছর। কারণ পারসিভিয়ারেন্স মঙ্গলের বুকে তার পথচলাই শুরু করেছে সাড়ে ৫ বছর হল।

পারসিভিয়ারেন্স ইতিমধ্যেই তার কার্যকালে ২ হাজারের ওপর মঙ্গল দিবস অতিক্রম করে ফেলেছে। এখনও নিরলস ভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে নাসার এই যানটি।

Show Full Article