মঙ্গলগ্রহে পাওয়া গেল আগ্নেয়শিলা, যার গায়ে জলের চিহ্ন
মঙ্গলগ্রহ অবাক করেই চলেছে। এবার বিজ্ঞানীরা পারসিভিয়ারেন্স রোভারের পাঠানো একটি তথ্য বিশ্লেষণ করে মঙ্গলের মাটিতে জলের চিহ্ন দেখতে পেলেন।
নাসার পাঠানো যান পারসিভিয়ারেন্স রোভার জেজেরো ক্রেটারে দীর্ঘসময় কাটিয়েছে। তারপর জেজেরোর খাড়াই গা বেয়ে উপরে উঠে এসেছে। সেই জেজেরো ক্রেটারের একটা অংশকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন মার্জিন ইউনিট। যেখানে একসময় একটি দিঘি ছিল বলে অনুমান ছিল বিজ্ঞানীদের।
তাই তাঁদের ধারনা ছিল সেখানে পাললিক শিলা পাওয়া যেতে পারে। যেখানে তাঁরা জীবনের সন্ধান করতে পারবেন। কিন্তু পারসিভিয়ারেন্স যা পাঠিয়েছে তা বিশ্লেষণ করে অবাক হয়ে গেছেন বিজ্ঞানীরা।
মার্জিন ইউনিটে পাললিক নয়, তাঁরা আগ্নেয়শিলার সন্ধান পেয়েছেন। যা একসময় মঙ্গলগ্রহের উপরিস্তরে অগ্নুৎপাত থেকে জন্মগ্রহণ করেছিল। আর সেই গলিত লাভা মাটির নিচে ওইখানে পৌঁছেছিল।
সেই আগ্নেয়শিলার গায়ে বিজ্ঞানীরা জলের চিহ্নও পেয়েছেন। এই জলের চিহ্ন লাল গ্রহের প্রথম পর্যায়ে সেখানে জল থাকার সন্ধান দেয় বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
জেজেরো ক্রেটারের এই জায়গায় কার্বোনেট থাকার হদিশ পেয়েছিল লাল গ্রহকে প্রদক্ষিণ করতে পাক খেতে থাকা অরবিটার। বিজ্ঞানীরা মনে করছেন দিঘির জল থাকায় এই কার্বোনেটের সন্ধান পাওয়া গিয়েছিল। যে জল আগ্নেয়শিলার ওপর স্পষ্ট ছাপ তৈরি করেছে তার অস্তিত্বের।
মঙ্গলগ্রহে জলের সন্ধান বহুদিন ধরেই চলছে। এমন অনেক জায়গায় জলের অস্তিত্বের খোঁজও বিজ্ঞানীরা পেয়েছেন। এবার আগ্নেয়শিলার গায়ে জলের ছাপ আরও অনেকটা এগিয়ে দিল তাঁদের। এমনকি ওই আগ্নেয়শিলার ভিতরে থাকা ধাতু পরীক্ষা করতে পারলে আরও অনেক নতুন তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা।











