বিশ্বের যোগ রাজধানীতে গঙ্গা পরিস্কার করলেন বিদেশিনীরা
তাঁরা বিদেশ থেকে এসেছেন। ভারতে পর্যটক হিসাবে আগমন। তাঁরা হাত লাগালেন গঙ্গার জঞ্জাল সাফাইতে। যে ছবি ছড়াতেই শুরু হয়েছে চর্চা।
বিশ্বকে ভারতের দান যোগ। বিশ্ব যোগ রাজধানী বলা হয় ভারতের পবিত্র শহর হৃষীকেশকে। যেখানে গঙ্গা প্রথম সমভূমিতে পদার্পণ করে। চারধারে হিমালয়ের অপরূপ সৌন্দর্যে ভরা হৃষীকেশে গঙ্গা সমভূমিতে পা রাখলেও তা যথেষ্ট খরস্রোতা।
এখানে আবার অনেক জায়গায় গঙ্গার ওপর পাথরের খণ্ড ও বালি পড়ে থাকে। চারধার দিয়ে প্রবাহিত হয় জল। বালি ও পাথরের অংশে কয়েকজন বিদেশি পর্যটককে দেখা গেল অন্য ভূমিকায়। এঁরা প্রত্যেকেই মহিলা। তাঁরা হাতে দস্তানা আর কালো প্যাকেট নিয়ে নেমে পড়েছিলেন জঞ্জাল সাফ করতে।
গঙ্গার জলে প্রবাহিত হয়ে পাথরে বা বালিতে আটকে পড়া প্লাস্টিকের নানা জিনিস সহ অন্যান্য জঞ্জাল তাঁরা তুলে কালো প্লাস্টিকের প্যাকেটে ভরছেন বলে দেখতে পাওয়া গেছে। যা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে।
গঙ্গাকে পরিস্কার রাখার দায়িত্ব কয়েকজন বিদেশি পর্যটকের বেড়াতে এসে কাঁধে তুলে নিতে দ্বিধা না করাটা নজর কেড়েছে সকলের। হৃষীকেশে গঙ্গাকে পরিচ্ছন্ন করায় তার পবিত্রতাই রক্ষা হচ্ছে। এ দায়িত্ব তো সকলের।
এভাবে গঙ্গায় যে কোনও কিছু ফেলে দেওয়ার প্রবণতায় রাশ টানার সময় হয়েছে এটা বোঝা দরকার বোধহয় সকলের। কয়েকজন বিদেশি পর্যটকের এই উদ্যোগের নানা মহলেই তারিফ হয়েছে।
যেখানে এ দেশের কিছু মানুষ গঙ্গায় জঞ্জাল ফেলতে দ্বিধা করছেননা, সেখানে গঙ্গাকে সাফ করছেন বিদেশ থেকে আসা কয়েকজন পর্যটক। কারণ নদীকে পরিচ্ছন্ন রাখা যে কোনও মানুষের কর্তব্যের মধ্যে পড়ে। সেটা সকলের বোঝার সময় এসেছে।











