উত্তুরে হাওয়ার রাস্তা পরিস্কার, শুকনো দিনে শীতের পদধ্বনি শোনার জন্য তৈরি পশ্চিমবঙ্গ
ঘূর্ণিঝড় আকভান বিদায় নিয়েছে। তবে তার কিছু অবশিষ্টাংশ মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশে। এবার শুকনো দিনে পারদ নামার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।
ঘূর্ণিঝড় আকভানের জেরে সপ্তাহভর মেঘের আনাগোনা, বৃষ্টি নাজেহাল করেছে। হেমন্তের পর, অগ্রহায়ণের ঘ্রাণ বিদায় নিয়ে শ্রাবণের ধারাপাতের কথা মনে করিয়েছিল একাধিক দিন। সেসব এখন অতীত। কারণ আকভান বিদায় নিয়েছে। কেবল রয়ে গেছে তার ছেড়ে যাওয়া কিছু ছেঁড়া মেঘের টুকরো। যা মিলিয়ে যেতে সময় নেবে না।
এরপর কি? আবহবিদেরা মনে করছেন আবার শুকনো আবহাওয়া বিরাজ করবে কলকাতা সহ পশ্চিমবঙ্গে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকা এবং শুকনো ঝলমলে রৌদ্রজ্জ্বল দিন থাকবে। যা ডেকে আনবে শীতকে।
শীত আগমনের রাস্তা পরিস্কার করবে এই আবহাওয়া পরিস্থিতি। ফলে বাঙালির বছরভরের শীতের পরশের অপেক্ষার দিন হয়তো শেষ হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আকভানের ছেড়ে যাওয়া মেঘের টুকরোয় সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে পারদ পতন শুরু হবে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হবে।
মেঘ কেটে যাওয়ায় উত্তুরে হাওয়ার গতি বাড়বে। তার গতি পথ পরিস্কার। সেই উত্তুরে হাওয়া শীতের পরশ ডেকে আনবে। ফলে নতুন সপ্তাহে হালকা গরম পোশাকের দেখা পাওয়া যেতে পারে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে।
আকভান বিদায় নেওয়ায় বঙ্গোপসাগরেও আর কোনও সমস্যা নেই। ফলে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতামূলক ঘোষণা নেই। গত কয়েক দিনে মৎস্যজীবীরা আকভানের কারণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পারেননি।











