SciTech

এই প্রথম ভিনগ্রহ থেকে রেডিও সিগনাল পেলেন বিজ্ঞানীরা, কেউ কি যোগাযোগ করতে চায়

ভিনগ্রহী বা এলিয়েন নিয়ে মানুষের কৌতূহল চিরদিনের। এবার মহাশূন্য থেকে ভেসে আসা রেডিও সিগনালকে কেন্দ্র করে সেই প্রশ্ন ফের মাথাচাড়া দিয়েছে।

সৌরমণ্ডলের কোনও গ্রহ নয়। এ গ্রহ পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। বৃহস্পতির চেয়ে ১১ গুণ বড় এই গ্রহটি তার সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। নাম বেটা পিকটোরিস বি।

এই গ্রহটির কথা আগেই জেনেছিলেন বিজ্ঞানীরা। একটি ক্ষীণ রেডিও সিগনালও পেয়েছিলেন। কিন্তু তাঁদের কাছে এটা পরিস্কার ছিলনা যে সেই সিগনাল কোনও গ্রহ থেকে আসছে, নাকি তার সূর্য থেকে।

দক্ষিণ আফ্রিকার অতি শক্তিধর মিরক্যাট রেডিও টেলিস্কোপের সাহায্যে এবার একদম সঠিকভাবে রেডিও সিগনালটি ধরতে পারলেন বিজ্ঞানীরা। এটাও পরিস্কার হলেন যে রেডিও সিগনালটি আসছে ওই বিশাল বেটা পিকটোরিস বি গ্রহ থেকে। এই প্রথম সৌরমণ্ডলের বাইরের কোনও গ্রহ থেকে রেডিও সিগনাল পেলেন বিজ্ঞানীরা।

এই বিষয়টি সামনে আসার পরই সাধারণ মানুষের মনে প্রশ্ন চাড়া দিতে শুরু করেছে। তবে কি ভিনগ্রহ থেকে এলিয়েনরা এই সিগনাল পাঠাচ্ছে? তারা কি পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে? তার মানে কি পৃথিবীর বাইরে প্রাণ রয়েছে আর তার জানান দিল এই রেডিও সিগনাল?

বিজ্ঞানীরা কিন্তু এসব কৌতূহলী ভাবনায় জল ঢেলে দিয়েছেন। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে পৃথিবীতে যেমন মেরুজ্যোতি দেখা যায়, তেমনই ওই গ্রহেও মেরুজ্যোতি দেখা যায়।

সেই মেরুজ্যোতি বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে থাকে। সেটাই এই রেডিও সিগনালের জনক। খবরটি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম সহ সাধারণ সংবাদমাধ্যমগুলিতে আলোড়ন ফেলে দিয়েছে।

Show Full Article