শেষ হওয়ার আগে মহাকাশকে একটি বিশাল আংটি উপহার দিল একটি নক্ষত্র
শেষ হয়ে যাচ্ছে একটি নক্ষত্র। কিন্তু শেষ হওয়ার আগে তার এতদিনের বাসস্থান মহাকাশকে একটি উপহার দিয়ে গেল সে। দিয়ে গেল একটি বিশাল আংটি। দেখলেন বিজ্ঞানীরা।
নিভে যাওয়ার আগে একটি নক্ষত্র মহাকাশে রেখে গিয়েছে বিশাল আকারের আংটি সদৃশ বস্তু। আরও আশ্চর্য যে ওই আংটির অভ্যন্তরের গ্যাসের বাঁকানো রেখাগুলি ইঙ্গিত দিচ্ছে এমন এক সঙ্গীর যাকে এখনও চোখেই দেখা যায়নি।
নক্ষত্রটির নাম আইআরএএস ০৬৫৩০-০২১৩। চিলির আতাকামা মরুভূমিতে থাকা আলমা রেডিও টেলিস্কোপের মাধ্যমে চারপাশের এলাকার গ্যাস পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। ওই পর্যবেক্ষণে দেখা গিয়েছে নক্ষত্রটিকে ঘিরে রয়েছে প্রায় গোলাকার এক বিরাট আকৃতির গ্যাসীয় আংটি।
সেটির ব্যাসার্ধ পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় ১৬ হাজার ৯৫০ গুণ। অর্থাৎ এটি কোনও কঠিন বলয় নয়। বহুদূর পর্যন্ত ছড়িয়ে থাকা নক্ষত্রের ছুঁড়ে ফেলা পদার্থ। গবেষকদের অভিমত, অন্তিম পর্যায়ে নক্ষত্রটি বিপুল পরিমাণ গ্যাস নিঃসরণ করেছিল। তার চিহ্নই ধরে রেখেছে মহাকাশের ওই বিশাল আকৃতির আংটি।
রহস্যের শেষ এখানেই নয়। কেন্দ্রীয় এলাকায় দেখা গিয়েছে ২ দিকে গ্যাসের মেঘের বিস্তার, ঘন বলয়ের মতো অংশ এবং এর বাইরে একাধিক বাঁকানো গ্যাসীয় রেখা। এই রেখাগুলির বিন্যাস অনেকটা ২টি নক্ষত্রের পারস্পরিক মহাকর্ষীয় টানে তৈরি সর্পিল নকশার মতো।
বিজ্ঞানীদের সন্দেহ, মূল নক্ষত্রের কাছাকাছি আরেকটি নক্ষত্র থাকতে পারে। তবে সেই সম্ভাব্য সঙ্গীটিকে এখনও সনাক্ত করা যায়নি। আরও বিস্ময়কর ব্যাপার এই যে, প্রবল গতিসম্পন্ন গ্যাসের স্রোতের এই জাতীয় গঠন সম্পর্কে নির্দিষ্ট প্রমাণ মেলেনি।
সাধারণত এই জাতীয় নক্ষত্রের চারপাশে পরবর্তী সময়ে উজ্জ্বল গ্রহীয় নীহারিকা সৃষ্টি হতে পারে। তবে নক্ষত্রটির অন্তিম পরিণতি নিয়ে এখনও হরেক প্রশ্ন আছে। নিভে যাওয়ার আগে নক্ষত্রটি কীভাবে মহাকাশে এই বিরাট আকারের আংটি সৃষ্টি করল, অধরা সেই রহস্যের উত্তর।











