মঙ্গলগ্রহে পটেটো চিপস পাথরের দেখা পেল কিউরিওসিটি
লাল গ্রহ নিত্যনতুন কিছু দেখাচ্ছে। আর তা দেখা যাচ্ছে নাসার একাধিক রোবট যানের হাত ধরে। কিউরিওসিটি এবার লাল গ্রহে দেখা পেল পটেটো চিপস পাথরের।
মঙ্গলগ্রহকে প্রতিদিনই যেন নতুন করে জানছেন বিজ্ঞানীরা। কারণ প্রতিদিন নানা তথ্য হাতে আসছে তাঁদের। এই তথ্য প্রদানে এগিয়ে রয়েছে নাসার রোবট যানগুলি। যারা লাল গ্রহের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। তথ্য সংগ্রহ করছে আর পাঠাচ্ছে পৃথিবীতে।
সেই তথ্য পর্যালোচনা করে লাল গ্রহকে আরও বেশি করে জানার সুযোগ পাচ্ছেন বিজ্ঞানীরা। এবার যেমন কিউরিওসিটি রোভার মঙ্গলগ্রহের মাটিতে পটেটো চিপস পাথরের দেখা পেল।
মঙ্গলগ্রহের বুকে কিছু কিছু জায়গার নামকরণ করেছেন বিজ্ঞানীরা। যার মধ্যে রয়েছে নাজকা। এই নাজকা নামে জায়গায় কিউরিওসিটি রোভার হাজির হয়ে সেখানে ড্রিল করার কাজ করছিল। যা বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। লাল গ্রহের মাটিকে চেনার অঙ্গ।
এই সময় তার ক্যামেরায় ধরা পড়েছে আশ্চর্য দর্শন পাথর। সরাসরি মাটির ওপর এগুলি তৈরি হয়েছে। পাথরগুলি পটেটো চিপসের মত দেখতে। পটেটো চিপস যেমন কিছুটা বেঁকেটেরে থাকে, পাথরগুলি চিপসের চেহারা নিয়ে তেমনই বেঁকে টেরে আছে।
লাল গ্রহের বুকে এমন আশ্চর্য পটেটো চিপসের চেহারার পাথর জমি থেকে উঠে আছে। কিন্তু এগুলি এমন চেহারা পেল কীভাবে? সেটাই পরিস্কার নয় বিজ্ঞানীদের কাছে। তাই তাঁরা চেষ্টা চালাচ্ছেন এর রহস্যের কিনারা করতে।
এই পাথরের রাসায়নিক গঠন সম্বন্ধে জানতে পারলেও হয়তো এর এই পটেটো চিপসের মত চেহারার কারণ জানা যেতে পারে। এমনই মনে করছেন বিশেষজ্ঞেরা।











