National

ভারতের পূর্ব প্রান্তের আগ্নেয়গিরি দ্বীপে ভূতুড়ে জাল কেটে উদ্ধার ২ বিরল কচ্ছপ

এই দ্বীপটি ভারতের সবচেয়ে পূর্ব প্রান্তের দ্বীপ বলে পরিচিত। আবার এটি আগ্নেয়গিরি দ্বীপও। সেখানেই ভূতুড়ে জাল কেটে উদ্ধার হল ২টি বিরল কচ্ছপ।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অনেক দ্বীপ রয়েছে। তারমধ্যে সবচেয়ে পূর্ব প্রান্তে অবস্থিত নারকোন্ডাম। আন্দামানে যে দ্বীপগুলি কাছাকাছি অবস্থান করছে তাদের থেকে ৭৪ কিলোমিটার দূরে আরও পূর্বে গেলে পাওয়া যাবে নারকোন্ডাম দ্বীপটিকে।

ভারতে যে আগ্নেয়গিরি রয়েছে তার একটি এই নারকোন্ডাম দ্বীপ। এটি একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। কবে জাগবে তা কারও জানা নেই। সেখানেই একটি ভূতুড়ে জালে আটকে পড়েছিল ভারতের সমুদ্রভাগের সবচেয়ে বড় কচ্ছপ গ্রিন সি টার্টল।

২টি গ্রিন সি টার্টল এই ভূতুড়ে জাল বা ঘোস্ট নেটে আটকে পড়ে। তাদের দ্রুত রক্ষা করতে সেখানে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জাল সন্তর্পণে কেটে তাদের মুক্ত করে ফের সমুদ্রের জলে ছেড়ে দেওয়া হয়। সমুদ্রের প্রাণি বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে এই ভূমিকা তারিফযোগ্য।

এখন প্রশ্ন হল কি এই ভূতুড়ে জাল? ভূতুড়ে জাল হল সমুদ্রে পড়ে থাকা এমন মাছ ধরার জাল বা দড়ি জাতীয় জিনিস যা কেউ পেতে রাখেননি। অর্থাৎ সেটি কারও নয়। কারও জানাও নয়।

সামুদ্রিক দুর্যোগে জাল বা মাছ ধরার অন্য সরঞ্জাম হারিয়ে যায়। অনেকসময় মাছ ধরার সময় জাল সমুদ্রের তলায় আটকে যায়। যা আর ছাড়ানো সম্ভব হয়না।

এমন অনেক কারণে মৎস্যজীবীরা যেসব জাল সহ মাছ ধরার সরঞ্জাম সমুদ্রেই ফেলে আসেন তাকেই বলা হয় ভূতুড়ে জাল। যা সমুদ্রেই থেকে যায়।

পরিত্যক্ত এই জাল কিন্তু সমুদ্রের মাছ সহ অন্য প্রাণিদের জন্য সমস্যার কারণ হয়। যেমন হয়েছে এই গ্রিন সি টার্টল ২টির ক্ষেত্রে। এদের বিষয়টি নজরে পড়ায় তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article