ভারতের আদিবাসী কিশোরীর সাহসী পদক্ষেপে আপ্লুত বিশ্বখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যাম
তিনি ডেভিড বেকহ্যাম। যাঁকে চেনেন না এমন ফুটবল অনুরাগী বিশ্বের কোথাও নেই। সেই বেকহ্যাম তুলে ধরলেন ভারতের এক কিশোরীর সাহসী পদক্ষেপের কথা।
ভারতের আদিবাসী কন্যার সাহসিকতার কথা তুলে ধরলেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বেকহ্যাম নিজেই সমাজ মাধ্যমে ভারতের এক আদিবাসী কিশোরীর কথা তুলে ধরেছেন।
মধ্যপ্রদেশের ঝাবুয়ার বাসিন্দা ওই আদিবাসী কিশোরীর সাহসী পদক্ষেপের কথা কার্যত গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন বেকহ্যাম। তিনি তাঁর ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন সেই কাহিনি যেখানে ওই ১৭ বছরের কিশোরী তার বিয়ে রুখে দিয়েছে।
অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। নিজের বিয়ে রুখে কার্যত গোটা সমাজকে বাল্যবিবাহের বিরুদ্ধে বার্তা দিয়েছে। তার এই সাহসী পদক্ষেপে তাকে সাহায্য করেন তার স্কুলের শিক্ষকরা। ওই কিশোরী এখন স্বপ্ন দেখছে তার মত কিশোরীরা যাতে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
ইংল্যান্ডের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম ইউনিসেফ-এর গুডউইল অ্যাম্বাসেডর। গত ২০ বছর ধরে তিনি ইউনিসেফ-এর সঙ্গে যুক্ত। সঠিক সাহায্য পেলে কিশোরীরা কীভাবে তাদের ইচ্ছা পূরণ করতে লড়াই চালায় তা তিনি দেখেছেন বলে জানান বেকহ্যাম।
মধ্যপ্রদেশের ওই আদিবাসী কিশোরী তার পরিবার ও সমাজের বিরুদ্ধে লড়াই করে এক উদাহরণ স্থাপন করেছে। বিয়ে নয়, পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার কথা তুলে ধরেছে সে।
ভারতের বিভিন্ন কোণায় কিন্তু এখনও চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ এক সমস্যা হয়ে রয়ে গেছে। যা দূর করা আবশ্যিক। তবে মধ্যপ্রদেশের এক কিশোরীর সাহসিকতার কথা ডেভিড বেকহ্যামের তুলে ধরা সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











