গঙ্গায় ছাড়া হল ১০ হাজার চারা মাছ
গঙ্গায় ১০ হাজার চারা মাছ ছাড়া হল। সেটাও হল দেশের অন্যতম পবিত্র শহর হরিদ্বারে। কেন ছাড়া হল তার কারণও জানা গেল।
গঙ্গার জল পবিত্র। সে জল যেমন ঈশ্বর জ্ঞানে পূজিত হয়, তেমনই আর ৫টা নদীর মত গঙ্গার জলে মাছের অন্ত নেই। সেই গঙ্গায় ছাড়া হল আরও ১০ হাজার মাছের চারা।
হরিদ্বারের অন্যতম ঘাট অমরাপুর ঘাট। সেই ঘাটেই আয়োজিত হয় এক অনুষ্ঠান। যেখানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই মাছ ছাড়ায় অংশ নেন। তিনি নিজে হাতে মাছের চারা ছাড়েন গঙ্গার জলে।
কেন হরিদ্বারে এভাবে চারা মাছ ছাড়া হল গঙ্গায়? গঙ্গার জলে প্রাণ বৈচিত্র্য রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। এছাড়া যে কোনও নদীর প্রাকৃতিক সম্পদ হল মাছ। তা রক্ষা করতেই গঙ্গার জলে এই চারা মাছ ছাড়ার উদ্যোগ। এছাড়া সাধারণ মানুষের মধ্যে নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার বার্তা দেওয়াও ছিল অন্যতম উদ্দেশ্য।
উত্তরাখণ্ডের মৎস্য বিভাগের তরফ থেকে এই মাছ ছাড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে। মুখ্যমন্ত্রী ধামি বলেন, গঙ্গা নদী কেবল একটি আধ্যাত্মিক বিশ্বাস ও সংস্কৃতির অঙ্গ নয়, তা প্রাণ বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের অন্যতম উৎস।
নদীর জল যাতে পরিচ্ছন্ন ও বাধাহীন হয়ে বয়ে যেতে পারে, তার পবিত্রতা রক্ষা পায় এবং তার প্রাকৃতিক চরিত্র বজায় থাকে তা দেখার দায়িত্ব সকলের। সে দায়িত্ব তাঁদের পালন করতে হবে।
প্রাকৃতিকভাবে নদীর জলের মৎস্য সম্পদকে শক্তিশালী করতে এই মাছের চারা গঙ্গা নদীর জলে ছাড়া এক অন্যতম পদক্ষেপ বলে ব্যাখ্যা করেন পুষ্কর সিং ধামি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











