SciTech

হিমালয়ের মত পর্বতসারি রয়েছে কুমেরুর বরফের তলায়, জানতে পারলেন বিজ্ঞানীরা

হিমালয় পর্বতমালার পাহাড়সারি এবং তার উচ্চতা সম্বন্ধে সকলের জানা। তেমন পাহাড়ের সারিই রয়েছে কুমেরুর বরফের তলায়। এমনই জানতে পারলেন বিজ্ঞানীরা।

কুমেরু বা অ্যান্টার্কটিকা চোখে দেখার সুযোগ খুব কম মানুষের হয়েছে। তবে তার ছবি দেখে বা তার সম্বন্ধে লেখা পড়ে কুমেরু সম্বন্ধে একটা ধারনা কমবেশি অনেকেরই আছে। কুমেরু মানে শুধু বরফ আর বরফ। বরফের অতি পুরু চাদরে ঢাকা পৃথিবীর এমন এক জায়গা যেখানে প্রাণের দেখা মেলা ভার।

সেখানে কোনও বসতি নেই। তবে কুমেরু নিয়ে গবেষণা থেমে নেই। আর সেই গবেষণা এবার এমন এক তথ্য নিয়ে হাজির হল যা জেনে চমকিত খোদ বিজ্ঞানীরাও।

কুমেরুর বরফের চাদরের তলায় রয়েছে হিমালয়ের মত বিশাল বিশাল পর্বত। সারি দিয়ে এমন পর্বত রয়েছে কুমেরুর শান্ত বরফের চাদরের তলায়। যা পৃথিবীর প্রাচীনতম ইতিহাসেরও সাক্ষী।

বিজ্ঞানীরা মনে করছেন একসময় ভারত ও আফ্রিকার সঙ্গে ধাক্কা খায় কুমেরু। সেই সময় এই পাহাড়গুলির সৃষ্টি। তারপর কুমেরু এখন বর্তমান অবস্থায় এসেছে। পাহাড়সারি ঢাকা পড়েছে বরফের মোটা চাদরে। কুমেরুর সেই বরফ দেখে বোঝা মুশকিল যে তার তলায় রয়েছে হিমালয়ের মত সুউচ্চ সব পর্বত।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর গবেষকেরা যৌথভাবে গবেষণা করে এই পাহাড়সারির কথা জানতে পেরেছেন।

৬৫ থেকে ৪৫ কোটি বছর আগে এই পাহাড়সারি তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। যেখানে পৃথিবীর অন্যতম প্রাচীন ধাতু জিরকনের অস্তিত্বের কথাও জানতে পেরেছেন গবেষকেরা। গ্লোবাল টাইমস সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

Show Full Article