National

সিংহ দেখতে ১ সপ্তাহে ৫টি পার্কে হাজির হলেন ৮০ হাজার মানুষ, হল রেকর্ড আয়

সিংহের টানে মাত্র ১ সপ্তাহে ৮০ হাজার মানুষের পা পড়ল ৫টি পার্কে। যা কার্যত একটা রেকর্ড তৈরি করেছে। যার হাত ধরে রেকর্ড গড়েছে রোজগারও।

দিওয়ালীর ছুটিতে অনেকেই বেরিয়ে পড়েছিলেন এখানে ওখানে। পরিবার নিয়ে একটা দারুণ ছুটি উপভোগ করতে অনেকেই প্রকৃতিকে বেছে নিয়েছিলেন। অনেকে হাজির হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের সাফারি পার্কে।

কোথাও বাঘ, কোথাও সিংহ তো কোথাও অন্য কোনও প্রাণিকে জঙ্গলের মাঝে চাক্ষুষ করার টানেই হাজির হন তাঁরা। গুজরাটের ৫টি সাফারি পার্কে যেমন সিংহ দেখার টানে হাজির হলেন ৮০ হাজার মানুষ। তাও কেবল নভেম্বর ৯ থেকে নভেম্বর ১৫-র মধ্যে।

এই সময়টা দিওয়ালীর ছুটি ছিল। সেই সময় গির, দেভালিয়া, গিরনার, আম্বার্দি এবং বরদা সাফারি পার্কে সিংহ দেখতে হাজির হন মোট ৮০ হাজার মানুষ। যারমধ্যে শুধু গির আর দেভালিয়াতেই পা পড়েছিল ৬০ হাজার ৬৬১ জনের। বাকি ৩টিতে আরও ২০ হাজার মানুষ হাজির হন সিংহ দেখতে।

ভারতে এশিয়াটিক লায়ন প্রজাতির সিংহ রয়েছে গুজরাটের অরণ্যে। সেখানেই রয়েছে সিংহ দেখার সুযোগও। রয়েছে সাফারির সুযোগ। দিওয়ালীর সপ্তাহে মানুষের এই সাফারিতে আসা এবং সাফারি করার হাত ধরে রেকর্ড আয় করেছে গুজরাটের বন দফতর।

মাত্র ৭ দিনে তাদের রোজগার হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ টাকা। যার মধ্যে কেবল গির আর দেভালিয়াই তুলে দিয়েছে ১ কোটি ২১ লক্ষ টাকা।

অন্য ৩টি সাফারি পার্ক জুনাগড়-এর গিরনার নেচার সাফারি, আমরেলি-র আম্বার্দি সাফারি পার্ক এবং পোরবন্দর-এর বরদা সাফারিতেও কিন্তু রেকর্ড সংখ্যক মানুষ হাজির হয়েছিলেন এ বছর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article