স্কুলের মাঠে হঠাৎ হাজির ছাগলছানা, তাড়াতে বিশেষ ব্যবস্থা করতে হল কর্তৃপক্ষকে
সবকিছু স্বাভাবিকই চলছিল। আচমকা এমন এক ঘটনা ঘটল যে পরিস্থিতি সামলাতে শেষপর্যন্ত স্কুলে হাজির হতে হল পুলিশকে।
স্কুলে পড়তে আসে ছাত্রছাত্রীরা। কিন্তু সেখানে যদি পড়ুয়াদের সঙ্গে হাজির হয় একটি ছাগলছানা? শুধু হাজির হওয়াই নয়, ছাত্রছাত্রীদের পিছনে দৌড়েও বেড়ায় সে। এমন কাণ্ড ঘটেছে যে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হয়েছে। ঘটনাটি আমেরিকার নিউ ইয়র্কের ইয়ঙ্কার্স শহরের।
সেখানকার ডিকিয়ারো স্কুলে অন্য দিনের মতই চলছিল স্বাভাবিক কাজকর্ম। ঠিক সেই সময়েই স্কুলের খেলার মাঠে হাজির হয় এক অপ্রত্যাশিত অতিথি। ছোট্ট একটি ছাগলছানা। পাশের একটি বাড়ির বেড়া পেরিয়ে কোনওভাবে সে ঢুকে পড়ে স্কুলের মাঠে।
কিন্তু মাঠে ঢুকেই শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেনি ছাগলছানাটি। বরং এদিক ওদিক ছুটতে শুরু করে। এমনকি ছাত্রছাত্রীদের পিছনেও দৌড় লাগায় সে। স্কুলের মধ্যে এমন একটি প্রাণির উপস্থিতি নিঃসন্দেহে বেশ অস্বাভাবিক। বিশেষত তার এমন দৌড়ঝাঁপ দেখে পরিস্থিতি সামলানোর প্রয়োজনও দেখা দেয়।
শেষপর্যন্ত খবর যায় পুলিশের কাছে। পুলিশকর্মীরা স্কুলে পৌঁছে ছাগলছানাটিকে সাবধানে ধরে ফেলেন। তারপর তাকে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয় তার মালিকের কাছে। পুরো উদ্ধারকাজ দেখতে থাকা ছাত্রছাত্রীরা পুলিশকর্মীদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের কাছে ঘটনাটি হয়ে ওঠে রীতিমতো এক অভিনব অভিজ্ঞতা।
ছাগলছানাটি যে পড়াশোনা করতে আসেনি, বরং নিজের ছোটাছুটি দিয়েই স্কুলের সকলের নজর কেড়ে নিয়েছিল, সেটা বলাই বাহুল্য। স্কুলের মাঠে এমন অপ্রত্যাশিত অতিথির হাজির হওয়া এবং তাকে ধরতে পুলিশের আসার ঘটনা পড়ুয়াদের সহজে ভোলার কথা নয়।











