শিশু গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা, এই প্রথম এত কমবয়সী গ্রহের দেখা পেলেন তাঁরা
সৌরমণ্ডলের বাইরে মহাশূন্যে ছড়িয়ে থাকা অনেক গ্রহের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু এত কম বয়সী গ্রহের দেখা এর আগে পাওয়া যায়নি।
সৌরমণ্ডলে থাকা গ্রহদের অনেক আগেই চেনা হয়ে গেছে। প্রযুক্তির শক্তিবৃদ্ধি এখন সৌরমণ্ডলের বাইরে বহু দূরে দূরে ছড়িয়ে থাকা গ্রহদেরও সন্ধান দিচ্ছে। যাদের বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেট বলে থাকেন।
এমন বহু গ্রহের দেখা তাঁরা পেয়েছেন। তাদের বয়সও জানতে পেরেছেন। এবার বিজ্ঞানীরা এমন এক গ্রহের দেখা পেয়েছেন যা এখনও পর্যন্ত খোঁজ পাওয়া গ্রহগুলির মধ্যে সবচেয়ে কম বয়সী। এর বয়স এতটাই কম যে এই শিশু গ্রহটি এখনও ধুলো ও গ্যাস নিয়ে পাক খাচ্ছে। মানে তা এখনও পুরো তৈরি হয়ে উঠতে পারেনি।
মহাশূন্য অগুন্তি সূর্য রয়েছে। যাদের ঘিরে পাক খাচ্ছে গ্রহরা। এমনই একটি নক্ষত্র হল ইলিয়াস ২-২৪। এই নক্ষত্রের চারধারে কক্ষ ধরে পাক খাচ্ছে এই শিশু গ্রহটি। যার নাম দেওয়া হয়েছে ইলিয়াস ২-২৪বি। যা অবস্থান করছে পৃথিবী থেকে ৪৫০ আলোকবর্ষ দূরে।
গ্রহটি কত বড় তাও জানতে পেরেছেন মহাকাশ বিজ্ঞানীরা। বৃহস্পতিগ্রহের মত বড় এই শিশু গ্রহটি। যার বয়স ১০ লক্ষ বছরও নয়। মাত্র ১০ লক্ষ বছর বয়সী কোনও গ্রহের আজ পর্যন্ত খোঁজ পাননি বিজ্ঞানীরা।
প্রসঙ্গত পৃথিবীও একটি গ্রহ। যার বয়স এখন সাড়ে ৪০০ কোটির কিছু বেশি। তাহলেই অনুমেয় যে শিশু গ্রহটিকে সবে জন্মানো বলায় তেমন ভুল নেই। যার ফলে সেটি এখনও তার তৈরির পর্যায় সমাপ্ত করে উঠতে পারেনি। এখনও গ্যাস আর ধুলো নিয়ে পাক খাচ্ছে সে।











