National

বালাঘাটে মেলায় চাউমিন খেয়ে শতাধিক মানুষের অসহ্য পেটব্যথা, অনেকে হাসপাতালে ভর্তি

মেলা দেখতে এসে টুকটাক খাওয়াদাওয়া তো সকলেই করেন। মেলা দেখার ফাঁকে চাউমিন খেয়েছিলেন অনেকে। শতাধিক মানুষ এরপর অসহ্য পেটের ব্যথায় আক্রান্ত হন।

চাউমিন আর মাঞ্চুরিয়ান। অনেকের পছন্দের খাবার। মেলায় অন্য অনেক খাবারের সঙ্গে এটাও বিক্রি হচ্ছিল। মেলা দেখতে আসা নানা বয়সের মানুষ সেই চাউমিন মাঞ্চুরিয়ানে রসনা তৃপ্তির আনন্দে মেতে ওঠেন।

কিন্তু সেই মন ভাল করা খাওয়াদাওয়া যে এমন কাণ্ড করবে তা তাঁরা বুঝতেও পারেননি। অভিযোগ মেলার স্টলে চাউমিন মাঞ্চুরিয়ান খাওয়ার পরই শতাধিক মানুষের পেটের যন্ত্রণা শুরু হয়। বমি হতে থাকে।

অবস্থা জটিল মোড় নেওয়ায় তাঁদের নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরও পরিস্থিতি জটিল হতে থাকায় এঁদের মধ্যে ৪৫ জন শিশু ও ১২ জন প্রাপ্তবয়স্ককে বালাঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাট জেলার হিরি গ্রামে। এখানে চলছে মাধাই মেলা। সেই মেলা দেখতে বহু মানুষ হাজির হচ্ছেন। নানা বয়সের মানুষ আসছেন। নানা খাবারের স্টলও রয়েছে মেলায়। সেসব স্টলে মেলায় আগতরা ভিড় জমাচ্ছেন। পছন্দের খাবারও খাচ্ছেন।

সেখানেই চাউমিন খেয়ে এই বিপত্তি। জেলাশাসক ওই স্টলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এসপি নিজে গিয়ে হাসপাতালে অসুস্থদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে মেলার বিভিন্ন স্টলে বিক্রি হওয়া খাবারের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন। আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article