মৌমাছির ঝাঁক তাড়িয়ে ছাড়ল মিষ্টি ক্রেতাদের, মিষ্টির দোকানে জ্বালানো হল কয়লা
কয়েক হাজার মৌমাছি। ভোঁ ভোঁ করছে নানান মিষ্টির ওপর। ছেঁকে ধরেছে মিষ্টিগুলোকে। যা দেখে ফাঁকা হয়ে গেল ক্রেতার ভিড়। ২ লক্ষ টাকা জলে গেল দোকানির।
দিওয়ালীর সময় মিষ্টির চাহিদা তুঙ্গে ওঠে। মিষ্টির দোকানগুলিও তাই এই সময়কে সামনে রেখে মিষ্টির পসরায় অভিনবত্ব আনে। বৈচিত্র্যও আনে। যা ক্রেতাদের আকর্ষিত করে।
একটি মিষ্টির দোকান আবার তাদের মিষ্টির পসরা একটু সামনে করে সাজিয়ে রেখেছিল যাতে ক্রেতারা আকর্ষিত হন। কিনতে ঢোকেন। ক্রেতারা আকর্ষিত হলেনও। কিন্তু এ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা তাঁদের হল না।
মিষ্টি রইল পড়ে। কার্যত পালালেন তাঁরা। আর এ দৃশ্য দেখে দোকানির মাথায় হাত দেওয়া ছাড়া উপায় রইল না। কিন্তু হাজার হাজার মৌমাছিকে কীভাবে তাঁদের দোকানের মিষ্টির সঙ্গে লেপ্টে থাকা থেকে বিরত করবেন তা বুঝে উঠতে পারলেননা কেউ।
হরিয়ানার ফতেহাবাদে এমনই এক আশ্চর্য ঘটনা ঘটেছে একটি মিষ্টির দোকানে। দোকানটিতে আচমকাই দিওয়ালীর ভরা মরসুমে হানা দেয় কয়েক হাজার মৌমাছির একটি ঝাঁক। মৌমাছিরা দোকানে ছেয়ে যেতে সময় নেয়নি। সব মিষ্টির ট্রেতেই হানা দেয় তারা।
মিষ্টি কম দেখা যাচ্ছিল। মৌমাছি বেশি দেখা যাচ্ছিল মিষ্টির ওপর। দোকানেও ভন ভন করছিল মৌমাছিরা। দোকানিরা অনেক চেষ্টা চালাচ্ছিলেন মৌমাছিদের মিষ্টি থেকে দূরে রাখতে। কিন্তু কিছুই কাজে দেয়নি।
এদিকে ক্রেতারা এ মিষ্টির দোকানটি ছেড়ে শুধু চলেই যাননি, তাঁরা ওই মিষ্টির দোকানের আশপাশও এড়িয়ে যান মৌমাছির ভয়ে। ফলে দিওয়ালীর ভরা মরসুমে ফাঁকা দোকানে কাটাতে হয় দোকানের মালিককে।
অবশেষে কয়লা জ্বালিয়ে সেই ধোঁয়ায় মৌমাছি তাড়ানোর ব্যবস্থা করা হয়। দোকানের মালিকের দাবি, ততক্ষণে তাঁর বিক্রি লাটে উঠেছিল। ২ লক্ষ টাকার ওপর ক্ষতি হয়ে গেল মৌমাছিদের এই আচমকা হানায়।











