এশিয়া সেরার শিরোপা অর্জন করল ভারতের জনপ্রিয় সমুদ্রসৈকত, স্থান বিশ্ব তালিকাতেও
ভারতের সমুদ্র উপকূল জুড়ে অনেক জনপ্রিয় বিচ রয়েছে। এমনই এক জনপ্রিয় বিচ এশিয়ার সেরা বিচের শিরোপা অর্জন করে নিল। জায়গা করে নিল বিশ্বের সেরা ১০-এ।
ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল জুড়ে ছড়িয়ে আছে অনেক সমুদ্রতট। পশ্চিমবঙ্গের দিঘা, শঙ্করপুর থেকে শুরু করে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলে অনেক এমন বিচ বা সমুদ্রতট রয়েছে যা যথেষ্ট জনপ্রিয়। পর্যটকদের ভিড় লেগে থাকে সেখানে। এমনই একটি বিচ ২০২৬ সালে এশিয়ার সেরা বিচের শিরোপা অর্জন করে নিল।
সমুদ্র শহর এবং সমুদ্র পর্যটনের কথা বললে প্রথমেই মনে আসে গোয়ার কথা। সেই গোয়ার প্রধান আকর্ষণই সেখানকার একের পর এক বিচ। তারই একটি পালোলেম।
দক্ষিণ গোয়ার এই বিচটি সবসময়ই পর্যটকদের আকর্ষিত করেছে। সেই পালোলেম বিচ এবার ছিনিয়ে নিল এশিয়ার সেরা বিচের শিরোপা। এশিয়া সেরা হওয়ার পাশাপাশি বিশ্বের সেরা বিচের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে ভারতের এই অপরূপ সমুদ্রসৈকত।
২০২৬ সালে বিশ্বের সেরা ২৫টি সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ করেছে বিচ ডট কম। সেই তালিকায় এশিয়ার একমাত্র সমুদ্রসৈকত হিসাবে জায়গা করে নিয়েছে ভারতের পালোলেম বিচ।
যা কেবল ভারতের গর্ব নয়, এশিয়ার জন্য বড় প্রাপ্তি। কারণ এশিয়ার অগুন্তি সমুদ্রসৈকতের মধ্যে একমাত্র সমুদ্রসৈকত পালোলেম যা বিশ্বের সেরা ২৫টি সমুদ্রসৈকতের তালিকায় রয়েছে।
দক্ষিণ গোয়ায় অবস্থিত পালোলেম সমুদ্রসৈকতটি কিছুটা অর্ধচন্দ্রাকৃতি আকারের। এখানে সমুদ্র অপেক্ষাকৃত শান্ত। চারধারে রয়েছে প্রচুর পাম গাছ। আর আছে সাদা বালির তট।
যাঁরা ভিড় পছন্দ করেননা। শান্তিতে সমুদ্রের ধারে সময় কাটাতে চান। তাঁরা গোয়ায় এসে পালোলেম সমুদ্রসৈকতকেই বেছে নেন ছুটি কাটানোর জন্য।











