National

মন্দাকিনীর ধারে ৭২ হাজারে বিক্রি হয়ে গেল চাঙ্কি পাণ্ডে, তবে সে বলিউড তারকা নয়

৭২ হাজার টাকায় বিক্রি হল। চাঙ্কি পাণ্ডের বিক্রির দিকে নজর ছিল সকলের। তবে এখানে বলে রাখা ভাল এ চাঙ্কি পাণ্ডে বলিউড তারকা নয়।

কথিত আছে ঔরঙ্গজেব তখন দিল্লির মসনদে। সে সময় মধ্যপ্রদেশের চিত্রকূটে মোগল সেনার অনেক ঘোড়া, গাধা এবং খচ্চর প্রজাতির প্রাণি অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত বদলে ফেলা দরকার ছিল। সেজন্য চিত্রকূটে একটি পশু মেলার আয়োজন করা হয়। যেখানে ঘোড়া, গাধা এবং খচ্চর বিক্রি চালু হয়।

সেই থেকেই এই মেলা চলে আসছে। ফলে এ মেলা শতাব্দী প্রাচীন এক পরম্পরা। এবারও দিওয়ালীতে এই মেলা বসেছে। মন্দাকিনী নদীর ধারে এই মেলায় এবার প্রধান আকর্ষণে পরিণত হয়েছিল বলিউড তারকা চাঙ্কি পাণ্ডের নামে একটি গাধা।

কালো রংয়ের এই গাধাটিকে কেনার জন্য রীতিমত অর্থের লড়াই চলে। নিলামে দাম চড়তে থাকে। অবশেষে ৭২ হাজার টাকায় বিক্রি হয় ‘চাঙ্কি পাণ্ডে’।

মন্দাকিনী নদীর ধারে এই পশু মেলা প্রতিবছরই অনুষ্ঠিত হয়। যেখানে মূলত ঘোড়া, গাধা এবং খচ্চর প্রজাতির প্রাণি বিক্রি হয়। এগুলি কিনতে বা বেচতে শুধু আশপাশ নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হন।

এখানে গাধা কেবল একটি কেনাবেচার প্রাণি নয়, তার চেয়েও বেশি। এখানে গাধাকে সমৃদ্ধির প্রতীক বলে বিবেচনা করা হয়। যার ফলে দিওয়ালীর সময় চিত্রকূটের এই পশু মেলায় গাধা কেনার ধুম পড়ে যায়।

এই মেলায় শুধু পশু কিনতে বা বেচতে আসা মানুষই ভিড় জমান না, হাজির হন বহু পর্যটকও। যাঁরা কেনাবেচার সঙ্গে যুক্ত না থাকলেও কেবল ঘুরে দেখেন এই মেলা।

Show Full Article