National

দেশের অন্যতম পবিত্র নদীতে শুরু হল অভিনব ক্রুজ সাফারি, পর্যটকদের জন্য নতুন পাওনা

জলে ভেসে ক্রুজ সাফারি মনে রাখার মত অভিজ্ঞতা। দেশের অন্যতম পবিত্র নদীর জলে যদি তা সম্ভব হয় তাহলে তা পর্যটকদের জন্য বাড়তি পাওনা তো বটেই।

দেশের অন্যতম পবিত্র নদীর জলে ভেসে পড়ার আনন্দই আলাদা। তবে সে নদী গঙ্গা নয়। এ নদীর বহমান ধারা নিয়ে নানা সময় বিতর্ক দানা বেঁধেছে। এমনকি একে অনেকে নদী না বলে একাংশে আবর্জনার নালা বলেও ব্যাখ্যা করতেন।

কিন্তু সে নদী তার কিছুটা হলেও রূপ বদলেছে। একটা অংশ জুড়ে এখন টলটলে জল। পরিস্কার ধারা। সেখানেই শুরু হল একটি ক্রুজ সাফারি।

দিল্লির গা ধরে বয়ে যাওয়া যমুনা নদীর জলে ভেসে শুরু হল ক্রুজ সাফারি। ৩০ মিনিটের এই ক্রুজ সাফারি দিল্লির পর্যটনেও এক নতুন আকর্ষণ হিসাবে সামনে এল।

দিল্লির সনিয়া বিহার থেকে জগতপুর পর্যন্ত যাতায়াত করবে এই বিলাসবহুল ক্রুজ। ৬ কিলোমিটার পথ যমুনার জলে ভেসে উপভোগ করতে পারবেন পর্যটকেরা।

৪০ আসনের এই ক্রুজে নানা সুবিধা থাকছে। যে অংশ ধরে ক্রুজ সাফারি হবে সেই অংশে যমুনা পরিস্কার, দূষণমুক্ত। ফলে এ জল যাত্রা পর্যটকদের আনন্দ দেবে। যমুনার জলে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই ক্রুজ সাফারি শুরু হল। দিল্লির মুখ্যমন্ত্রী এই নমো যমুনা ক্রুজ সাফারি-র সূচনা করেন।

যমুনাকে আকর্ষণীয় করে তুলতে দিল্লি সরকারের তরফে নদীর ওপর একটি ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। যেখানে আলোর খেলা দেখতে পাওয়া যাবে। যমুনাকে ঢেলে সাজানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকলে যমুনা এক সুন্দর বহমান নদী হয়ে উঠবে অচিরেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article