National

হিমালয়ের লোককথার সঙ্গে জড়িয়ে থাকা প্রাণিকে সামনে রেখে হল বিশেষ মেলা

হিমালয়ের এই প্রাণিরা অনেকের কাছেই বেশ আকর্ষণীয়। হাতেগোনা কিছু জায়গাতেই এদের দেখা পাওয়া যায়। এদের কথা মাথায় রেখেই আয়োজন হল মেলার।

হিমালয়ে এদের নিয়ে নানা গল্প ছড়িয়ে আছে। এদের জীবনের অংশ মনে করেন হিমালয়ের একাংশের মানুষজন। গৃহপালিতের মত তাদের রাখা হয়। যত্ন করা হয়। বিনিময়ে তাদের কাছ থেকেও দুধ সহ অনেক কিছু পায় মানুষ।

এদের নামও সকলের চেনা। চমরীগাই। বড় বড় লোমশ এক ধরনের প্রাণি। যাদের হিমালয়ের অংশ বলা যেতে পারে। কারণ এদের প্রধানত দেখা মেলে তিব্বত মালভূমি, পামির পর্বতাঞ্চল, তাজিকিস্তানে। এছাড়া মঙ্গোলিয়া, সাইবেরিয়াতেও কিছু চমরীগাইয়ের দেখা পাওয়া যায়।

ভারতের কাশ্মীর থেকে অরুণাচল পর্যন্ত হিমালয় লাগোয়া এলাকায় এদের দেখা যায়। এদের যাঁরা দেখভাল করেন সেসব মানুষের উন্নতিতে এবার আরও বেশি করে নজর দিতে উদ্যোগ নিল অরুণাচল সরকার।

অরুণাচলে ইয়াক মেলা বা চমরীগাইয়ের মেলা নজর কেড়েছে। এছাড়া ইয়াক ইকোনমি সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। চমরীগাইয়ের সঙ্গে যুক্ত মানুষজনের জীবনযাত্রার উন্নতি, তাঁদের অর্থনৈতিক উন্নতির দিকে নজর দেওয়া হয়েছে। যাতে চমরীগাইদের ভরণপোষণ চলতে থাকে। এই প্রাণিরা আরও বাড়তে পারে।

হিমালয়ের এই প্রাণিদের আরও রক্ষণাবেক্ষণ কেবল অর্থনৈতিক কারণকে সামনে রেখে নয়, আরও কিছু বিষয় জড়িয়ে আছে। এখানকার সামাজিক ও পারম্পরিক চর্চার সঙ্গেও জড়িয়ে আছে চমরীগাই।

অরুণাচল প্রদেশ, লাদাখ, সিকিম এবং হিমাচল প্রদেশ নিয়ে চমরীগাইয়ের রক্ষণাবেক্ষণকে সামনে রেখে একটি সংগঠনও তৈরি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article