যানজট এড়াতে আকাশে উড়ে অফিস যান এক ব্যক্তি, সময় লাগে মাত্র ২০ মিনিট
কোনও হেলিকপ্টার বা চেনা ওড়ার যন্ত্রে নয়। তবে যানজট এড়িয়ে মাত্র ২০ মিনিটে অফিস পৌঁছতে একাই আকাশপথে উড়ে যান এক ব্যক্তি।
রাস্তায় বড় যানজট। অফিস পৌঁছতে দেরি হয়ে যায়। দীর্ঘসময় কেটে যায় যানজটে। এই বিরক্তি থেকে মুক্তি পেতে আকাশপথকেই অফিস যাতায়াতের জন্য বেছে নিলেন এক ব্যক্তি। যেখানে যানজট নেই। সময়ও তাই এখন বাঁধা। ঠিক ২০ মিনিটে অফিস পৌঁছে যাচ্ছেন তিনি।
অফিসে লেটের প্রশ্নই উঠছে না। তবে এই উড়ান কোনও হেলিকপ্টার বা বিমানে নয়। তিনি উড়ে যাচ্ছেন প্যারামোটরে। অনেকেই প্যারাগ্লাইডিংয়ের কথা শুনেছেন। কিন্তু সেটা পাহাড়ি স্থানে সম্ভব। প্যারামোটর সমতলেও উড়তে সাহায্য করে।
প্যারাগ্লাইডিংয়ের মত একটি প্যারাসুট ধরনের জিনিস উড়তে থাকে ঠিকই, তবে পিঠে বাঁধা থাকে একটি প্রপেলার। তার সাহায্য উড়ে যাওয়া যায় আকাশে। তারপর স্থলভাগ থেকে বেশ কিছুটা উপরে উড়ে নিশ্চিন্তে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে।
ওড়ার সময় কোনও রানওয়ের দরকার নেই। তবে ওই ব্যক্তি স্থানীয় একটি বিমানবন্দরের রানওয়ের একটি কোণা ব্যবহার করছেন নামার জন্য। এভাবে তিনি নিশ্চিন্তে আকাশপথে অফিস যাতায়াত করছেন কোনও সমস্যা ছাড়াই।
দিব্যি উড়ে যাচ্ছেন। আবার নেমে আসছেন। বিষয়টি সোশ্যাল সাইটে পোস্টও হয়েছে। যা অনেক মানুষকেই এই উপায়ে যাতায়াতে প্রলুব্ধ করেছে।
কলোরাডোর বাসিন্দা ওই ব্যক্তি এখন অনেকের চর্চার বিষয় হয়ে উঠেছেন। তাঁর অফিস যাতায়াতের এই অভিনবত্ব নজরকাড়া সন্দেহ নেই। আকাশে একাই উড়ে যাওয়ার সাহসকে ভরসা করে তিনি অন্য পথে উড়ে যাচ্ছেন। অনায়াসে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে।











